মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে মারামারি, উপজেলা জামায়াত আমিরসহ ৩ নেতা কারাগারে
- প্রকাশের সময় : ১০:১৩:০২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
- / 4
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় একটি কোম্পানির মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মারামারির মামলায় জামায়াতে ইসলামীর তিন নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
কারাগারে পাঠানো তিন নেতা হলেন—ফুলবাড়িয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ফজলুল হক শামীম, সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক ও কর্মপরিষদ সদস্য আব্দুল মজিদ।
রবিবার (৯ আগস্ট) ময়মনসিংহ জেলা জজ আদালতে মামলার ধার্য তারিখে হাজিরা দিতে গেলে আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
আদালত পরিদর্শক মোস্তাছিনুর রহমান তিনজনকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ময়মনসিংহ জেলা জজ আদালতে মামলার ধার্য তারিখে হাজিরা দিতে তিনজন আসামি আদালতে আসেন। তাঁরা জামিন আবেদন করেন। বিচারক তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।’
মামলা সূত্রে জানা যায়, ফুলবাড়িয়ার কাহালগাঁও এলাকায় মুরগির বিষ্ঠাসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগে কয়েকজনের বিরুদ্ধে মামলাটি করা হয়। মামলায় ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের সংসদ সদস্য কামরুল হাসান মিলনের ভাইসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
উপজেলার কাহালগাঁও বাজারের পাশে দীর্ঘদিন ধরে একটি কোম্পানিতে লেয়ার মুরগি লালন-পালন করা হচ্ছে। ওই খামারের মুরগির বিষ্ঠার ভাগ-বাঁটোয়ারাকে কেন্দ্র করে চলতি বছরের ৭ এপ্রিল রাতে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে মারামারি ও সংঘর্ষের ঘটনা ঘটে।
মামলায় অভিযোগ করা হয়েছে, সংঘর্ষের সময় হাতবোমার বিস্ফোরণ, একটি ব্যাংকের তালা ভেঙে টাকা লুট এবং প্রাইভেট কার, মোটরসাইকেল ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়।
পরদিন ৮ এপ্রিল উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম তালুকদার বাদী হয়ে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ৪৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ২০০ জনের বিরুদ্ধে মামলা করেন।























