আজ ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জেআইসি পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনাল
- প্রকাশের সময় : ১২:১১:২৫ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
- / 23
র্যাবের গোপন বন্দিশালা পরিদর্শনের পর এবার ডিজিএফআই সদর দপ্তরে থাকা জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার (জেআইসি) পরিদর্শনে যাচ্ছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান, বিচারক ও প্রসিকিউশন টিম।
শনিবার (৮ আগস্ট) বেলা ১১টার দিকে তাদের এ পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম ও নির্যাতনের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার কার্যক্রমের স্বার্থে এ পরিদর্শন করা হচ্ছে বলে জানিয়েছে প্রসিকিউশন।
পরিদর্শন দলে থাকবেন ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। এ ছাড়া চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, শাইখ মাহদী, তাসমিরুল ইসলামসহ প্রসিকিউশন টিমের সদস্যরা উপস্থিত থাকবেন। আসামিপক্ষের আইনজীবীরাও পরিদর্শনে অংশ নেওয়ার অনুমতি পেয়েছেন।
এর আগে গত ১ আগস্ট রাজধানীর উত্তরায় র্যাব-১ সদর দপ্তরে থাকা টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেল বা ‘আয়নাঘর’ পরিদর্শন করেন ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউটররা। ওই দিন বিচারপতি মর্তূজাসহ সংশ্লিষ্টরা ছোট-বড় মোট ২৯টি কক্ষ ঘুরে দেখেন। একই সঙ্গে সাতটি ডেথ সেলে বন্দিদের আটকে রেখে নির্যাতনের অভিযোগ সম্পর্কেও ধারণা নেন তারা।
এর আগে গত ২১ জুলাই চিফ প্রসিকিউটরের আবেদনের পরিপ্রেক্ষিতে র্যাব, ডিজিএফআই ও ডিবির গোপন বন্দিশালা বা ‘আয়নাঘর’ পরিদর্শনের সিদ্ধান্ত নেয় ট্রাইব্যুনাল-১। ওই সময় চিফ প্রসিকিউটর আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলে এসব বন্দিশালায় বিরোধী মতাদর্শের ব্যক্তিদের তুলে নিয়ে নির্যাতন ও গুমের অভিযোগের বিষয়টি ট্রাইব্যুনালের সামনে তুলে ধরেন।
গুম, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার কার্যক্রমে এসব স্থাপনার বাস্তব চিত্র ও সংশ্লিষ্ট তথ্য পর্যালোচনার অংশ হিসেবে পর্যায়ক্রমে গোপন বন্দিশালাগুলো পরিদর্শন করছে ট্রাইব্যুনাল।






















