কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি জাল তৈরির কারখানায় অভিযান
- প্রকাশের সময় : ০৪:২৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
- / 42
রাজবাড়ীর কালুখালী উপজেলায় বসতবাড়ির আড়ালে পরিচালিত একটি অবৈধ চায়না দুয়ারি জাল তৈরির কারখানায় অভিযান চালিয়ে আনুমানিক ৩ থেকে ৪ লাখ টাকার জাল তৈরির সরঞ্জাম, মেশিন ও লোহার অ্যাঙ্গেল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের পশ্চিম বোয়ালিয়া গ্রামে এ অভিযান পরিচালনা করেন কালুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামস্ সাদাত মাহমুদ উল্লাহ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম বোয়ালিয়া গ্রামের মো. ইউনুস শেখের বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় অবৈধ চায়না দুয়ারি জাল তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। জব্দ করা মালামালের মধ্যে জাল তৈরির মেশিন, লোহার অ্যাঙ্গেলসহ বিভিন্ন উপকরণ রয়েছে। এসব সরঞ্জামের আনুমানিক মূল্য ৩ থেকে ৪ লাখ টাকা।
অভিযানের সময় কারখানার মালিক মো. ইউনুস শেখকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তিনি পলাতক রয়েছেন বলে জানিয়েছে প্রশাসন।
কালুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামস্ সাদাত মাহমুদ উল্লাহ বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ চায়না দুয়ারি জাল তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। চায়না দুয়ারি জাল জলজ সম্পদের জন্য অত্যন্ত ক্ষতিকর। জব্দকৃত মেশিন, লোহার অ্যাঙ্গেলসহ অন্যান্য মালামাল আইনানুগ প্রক্রিয়ায় নিলামে তোলা হবে। পাশাপাশি কারখানার মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”
তিনি আরও বলেন, জলজ সম্পদ সংরক্ষণে অবৈধ চায়না দুয়ারি জাল উৎপাদন, বিক্রি ও ব্যবহার বন্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




















