অপরিকল্পিত বৃক্ষনিধনের বিরুদ্ধে নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মানববন্ধন
- প্রকাশের সময় : ০৫:৪৬:২৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
- / 14
ফুটপাত ও রাস্তা প্রশস্তের নামে অপরিকল্পিতভাবে বৃক্ষ উচ্ছেদের প্রতিবাদে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
রবিবার (২৬ জুলাই) বিকেলে বিকল্প ব্যবস্থা থাকা সত্ত্বেও ক্যাম্পাসে বৃক্ষনিধনের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন, উন্নয়নের নামে নির্বিচারে গাছ কাটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ক্যাম্পাসের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বিকল্প পরিকল্পনা গ্রহণ করে উন্নয়ন কার্যক্রম পরিচালনার দাবি জানান তারা। একই সঙ্গে বৃক্ষনিধনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান শিক্ষার্থীরা।
মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুন সরকার বলেন, ‘বৃক্ষের প্রতি ভালোবাসা আছে বলেই শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। গাছ না কেটে বিকল্প পদ্ধতিতে উন্নয়ন কার্যক্রম পরিচালনার জন্য আমরা সবসময় চেষ্টা করেছি।’
তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় ও সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে ছাত্রদল সবসময় সহযোগিতা করবে। গাছগুলো ঠিক রেখে বিকল্প ব্যবস্থা গ্রহণ করলে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ আরও সুন্দর হবে। শিক্ষার্থীদের নিয়েই আমরা কাজ করতে চাই। শিক্ষার্থী ও ক্যাম্পাস আমাদের প্রথম অগ্রাধিকার।’
সাধারণ শিক্ষার্থীদের পক্ষে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সালাউদ্দিন শৌখিন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের যে গাছগুলো রয়েছে, সেগুলোর সঙ্গে বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। এসব গাছ লাগাতে তাদের শ্রম, অর্থ ও আবেগ রয়েছে। দীর্ঘদিনের এই প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়া যাবে না। গাছগুলো রেখে রাস্তা নির্মাণের দাবি জানাচ্ছি।’
নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার জাহান লেলিন বলেন, ‘আমাদের গাছগুলো বারবার কাটা হচ্ছে। প্রকৃতি ও উন্নয়নকে মুখোমুখি দাঁড় করানোর প্রয়োজন নেই। পর্যাপ্ত জায়গা রয়েছে, চাইলে গাছগুলো রেখেই রাস্তা সম্প্রসারণ করা সম্ভব। আমরা চাই আমাদের ক্যাম্পাস সবুজ থাকুক, গাছগুলো টিকে থাকুক।’
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘গাছ বাঁচান, পরিবেশ বাঁচান’, ‘প্রকৃতি ও উন্নয়নের টেকসই সমাধান চাই’সহ বিভিন্ন স্লোগান দেন। তারা বলেন, ক্যাম্পাসের সবুজ পরিবেশ সংরক্ষণে প্রশাসনকে শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব দিয়ে কার্যকর উদ্যোগ নিতে হবে।
পরে শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি শেষ করেন শিক্ষার্থীরা।
























