রাষ্ট্রপতির পদত্যাগের সঙ্গে রাজনীতি জড়িত নয়: পরিবেশমন্ত্রী
- প্রকাশের সময় : ০৪:৪২:১৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
- / 7
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এর পদত্যাগের সঙ্গে রাজনীতি জড়িত নয়। রাষ্ট্রপতি যদি পদত্যাগ করতে চান, সেটি তাঁর সাংবিধানিক ও ব্যক্তিগত অধিকার। তিনি নির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
শনিবার (২৫ জুলাই) দুপুরে ফেনী শহরের একটি কনভেনশন হলে ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিবেশমন্ত্রী বলেন, দেশে মাদক ও কিশোর গ্যাং এখন সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার খেলাধুলার প্রসারে গুরুত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রী ইতোমধ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি চালু করেছেন। এর মাধ্যমে শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদক ও কিশোর গ্যাং থেকে দূরে রাখা সম্ভব হবে।
তিনি বলেন, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের জন্য অনুকূল আইনশৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক স্থিতিশীলতা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। এসব বিষয়ে ঘাটতি থাকলে কাঙ্ক্ষিত অর্থনৈতিক অগ্রগতি সম্ভব নয়। দেশের উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে সরকারের আন্তরিক প্রচেষ্টার কথা উল্লেখ করে তিনি বলেন, ব্যবসা-বাণিজ্যের বিকাশই অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির প্রধান চালিকাশক্তি।
মন্ত্রী আরও বলেন, সম্পদ সৃষ্টি ছাড়া দারিদ্র্য দূর করা সম্ভব নয়। তাই শিল্প, বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্যের প্রসারে সহায়ক পরিবেশ গড়ে তুলতে হবে। একই সঙ্গে সম্পদের সুষম বণ্টনও নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থাপনার মধ্যে সমন্বয় না থাকলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটলে সামাজিক বৈষম্যও কমে আসে। বর্তমান বিশ্বে সম্পদের ধারণা বদলে গেছে। প্রযুক্তিনির্ভর অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে নতুন বাস্তবতায় কাজ করতে হবে।
নিজের ব্যবসায়ী সংগঠনের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতার কথা তুলে ধরে আবদুল আউয়াল মিন্টু বলেন, ব্যবসায়ীদের অযথা হয়রানি করা উচিত নয়। ব্যবসা পরিচালনার অনুকূল পরিবেশ নিশ্চিত করা গেলে বিনিয়োগ, কর্মসংস্থান ও জাতীয় সম্পদ বৃদ্ধি পাবে। তিনি বলেন, রাজনীতি অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে, আবার শক্তিশালী অর্থনীতি রাজনীতিকেও পরিশীলিত করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফেনী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদিন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু, জেলা প্রশাসক মনিরা হক, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক।
অনুষ্ঠানে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





















