‘যুদ্ধে জড়ালে খুবই খারাপ হবে’—চীন-রাশিয়াকে ট্রাম্পের সতর্কবার্তা
- প্রকাশের সময় : ১১:৩৭:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
- / 3
ইরানকে ঘিরে চলমান সংঘাতে চীন বা রাশিয়া সরাসরি জড়ালে তাদের জন্য তা ‘খুবই খারাপ’ হবে বলে সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বর্তমানে দেশ দুটি সরাসরি যুদ্ধে অংশ নিচ্ছে বলে তিনি মনে করেন না।
শুক্রবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, সম্প্রতি বেইজিংয়ে অনুষ্ঠিত বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাকে আশ্বস্ত করেছেন যে, কোনো অবস্থাতেই চীন বা চীনা কোম্পানিগুলো ইরানকে অস্ত্র সরবরাহ করবে না। একইভাবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও ইরানের কাছে অস্ত্র বিক্রি না করার আশ্বাস দিয়েছেন বলে দাবি করেন তিনি।
ট্রাম্প বলেন, এ কারণেই তিনি বিশ্বাস করেন চীন ও রাশিয়া বর্তমানে ইরান যুদ্ধের সঙ্গে সরাসরি সম্পৃক্ত নয়। তবে তারা যদি এতে জড়িয়ে পড়ে, তাহলে তা তাদের নিজেদের স্বার্থের পরিপন্থী হবে এবং পরিণতি অত্যন্ত খারাপ হবে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে ইরানকে কেন্দ্র করে সংঘাতের সূচনা হয়। এরপর থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে।
এদিকে মার্কিন গোয়েন্দা সূত্রের বরাতে জানা গেছে, যুদ্ধের শুরুতে উপসাগরীয় অঞ্চলে সিআইএর একটি স্থাপনায় ইরানের হামলার ঘটনায় রাশিয়ার কোনো ধরনের সহায়তা ছিল কি না, তা তদন্ত করছে যুক্তরাষ্ট্র। বিশেষ করে ড্রোন প্রযুক্তি বা গোয়েন্দা তথ্য সরবরাহের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। যদিও এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ক্রেমলিন।
ইরানকে অস্ত্র সংগ্রহে সহায়তার অভিযোগে ইতোমধ্যে রাশিয়া ও চীনের কয়েকজন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।





















