পাংশায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে জগন্নাথ দেবের উল্টোরথ যাত্রা অনুষ্ঠিত
- প্রকাশের সময় : ০৬:৫৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
- / 106
রাজবাড়ীর পাংশা উপজেলায় সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টোরথ (বাহুদা) যাত্রা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) দিনব্যাপী আয়োজনে ভক্তদের অংশগ্রহণে মুখর হয়ে ওঠে পাংশা উপজেলা। শঙ্খধ্বনি, উলুধ্বনি, হরিনাম সংকীর্তন ও ভজন-সঙ্গীতের মধ্য দিয়ে জগন্নাথ দেব, বড়ভাই বলরাম দেব ও বোন সুভদ্রা মাতার রথ টেনে ভক্তরা শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করেন।
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে জগন্নাথ দেব, বলরাম দেব ও সুভদ্রা মাতা রথে চড়ে মূল মন্দির থেকে গুণ্ডিচা মন্দির বা ‘মাসির বাড়ি’ গমন করেন। সেখানে কয়েকদিন অবস্থানের পর পুনরায় মূল মন্দিরে ফিরে আসার এই যাত্রাই উলটোরথ বা বাহুদা যাত্রা নামে পরিচিত।
উলটোরথ উপলক্ষে পাংশা পুরাতন বাজারে অবস্থিত রাধাগোবিন্দ ও শিব মন্দির প্রাঙ্গণ থেকে রথযাত্রা শুরু হয়ে পাংশা আদি মহাশ্মশানে গিয়ে শেষ হয়। এ উপলক্ষে পাংশা ও আশপাশের এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধসহ বিভিন্ন বয়সী ভক্তরা ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেন।
রথযাত্রা শেষে বিশেষ পূজা, আরতি, প্রসাদ বিতরণ ও ভক্তিমূলক কীর্তনের আয়োজন করা হয়। এ সময় ভক্তরা বিশ্বশান্তি, দেশের কল্যাণ এবং মানুষের সুখ-সমৃদ্ধি কামনা করে প্রার্থনা করেন।
পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বিধান কুমার বিশ্বাস বলেন, ‘সনাতন ধর্মের এই ঐতিহ্যবাহী উৎসব শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধেরও এক অনন্য নিদর্শন। প্রতি বছরের মতো এবারও শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উৎসব সম্পন্ন হয়েছে।’
























