রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- প্রকাশের সময় : ১০:২৯:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
- / 20
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে ট্রেনে মারধরের অভিযোগকে কেন্দ্র করে রেলপথ অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার (২১ জুলাই) ভোররাত ৩টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন রেললাইনে অবস্থান নেন শিক্ষার্থীরা।
ভুক্তভোগী ফোরকান উদ্দীন বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের আইন বিভাগের শিক্ষার্থী। অভিযোগ রয়েছে, ঢাকা থেকে পদ্মা এক্সপ্রেসে রাজশাহী ফেরার পথে তিনি টিকিট ছাড়াই যাত্রীদের কাছ থেকে অর্থ নেওয়ার প্রতিবাদ করলে দায়িত্বরত টিকিট পরীক্ষক (টিটি) তাকে মারধর করেন। এতে তার চশমা ভেঙে যায় এবং তিনি আহত হন। পরে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।
ঘটনার পর অভিযুক্ত টিটি সুমনকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। তবে শিক্ষার্থীদের দাবি, সাময়িক বরখাস্ত নয়, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
অবরোধের কারণে রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ও সিল্কসিটি এক্সপ্রেস নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি। একই সঙ্গে রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচলও বন্ধ হয়ে পড়ে।
খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শুরু করেন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত অবরোধ চলছিল এবং ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, শিক্ষার্থীকে মারধরের ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করেছেন। যাত্রীদের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় রেখেই উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের চেষ্টা চলছে।



















