একসঙ্গে মুছে ফেলুন জিমেইল ইনবক্সের হাজারো ই-মেইল
- প্রকাশের সময় : ১১:১৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
- / 10
প্রচারমূলক ই-মেইল, নিউজলেটার, কেনাকাটার রসিদ ও বিভিন্ন নোটিফিকেশনের কারণে অনেকের জিমেইল ইনবক্স দ্রুত ভরে যায়। এতে গুগলের বিনামূল্যের ১৫ জিবি স্টোরেজ পূর্ণ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। এই স্টোরেজ জিমেইল, গুগল ড্রাইভ এবং গুগল ফটোস—তিনটি সেবার জন্যই যৌথভাবে ব্যবহৃত হয়।
স্টোরেজ বাড়ানোর জন্য অতিরিক্ত জায়গা কেনা গেলেও অপ্রয়োজনীয় ই-মেইল নিয়মিত জমতে থাকলে সেটিও একসময় পূর্ণ হয়ে যেতে পারে। তাই ইনবক্স পরিষ্কার রাখতে একসঙ্গে অনেক ই-মেইল মুছে ফেলার কৌশল জানা জরুরি।
প্রচারমূলক ই-মেইল মুছবেন যেভাবে
জিমেইলের ওয়েব সংস্করণে প্রবেশ করে সার্চ বক্সে Unsubscribe লিখে অনুসন্ধান করুন। এতে আনসাবস্ক্রাইব সুবিধাযুক্ত প্রচারমূলক ই-মেইলগুলো দেখাবে।
এরপর তালিকার ওপরে বাম পাশে থাকা চেকবক্সে ক্লিক করুন। সব ই-মেইল নির্বাচন করতে Select all conversations that match this search অপশনে ক্লিক করুন। এরপর ট্র্যাশ আইকনে ক্লিক করলে নির্বাচিত সব ই-মেইল ট্র্যাশে চলে যাবে।
একইভাবে Promotions বা Social ট্যাবের ই-মেইলও একসঙ্গে মুছে ফেলা যায়।
নির্দিষ্ট প্রেরকের সব ই-মেইল মুছুন
কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের পাঠানো সব ই-মেইল খুঁজতে সার্চ বক্সে লিখুন:
from:email@example.com
আবার কোনো নির্দিষ্ট ঠিকানায় পাঠানো ই-মেইল খুঁজতে লিখুন:
to:email@example.com
এরপর প্রয়োজনীয় ই-মেইল নির্বাচন করে ট্র্যাশ আইকনে ক্লিক করলেই সেগুলো মুছে যাবে।
নির্দিষ্ট সময়ের ই-মেইল মুছুন
কোনো নির্দিষ্ট তারিখের পরের ই-মেইল খুঁজতে সার্চ বক্সে লিখুন:
after:2023-11-01
প্রয়োজন অনুযায়ী তারিখ পরিবর্তন করে ব্যবহার করা যাবে।
একাধিক শর্ত একসঙ্গে ব্যবহার করাও সম্ভব। যেমন:
from:email@example.com OR to:email@example.com OR after:2023-11-01
এরপর সার্চের ফলাফল থেকে সব ই-মেইল নির্বাচন করে ট্র্যাশ আইকনে ক্লিক করলেই সেগুলো মুছে যাবে।
ভুল করে মুছে ফেললে
জিমেইল থেকে মুছে ফেলা ই-মেইল সঙ্গে সঙ্গে স্থায়ীভাবে মুছে যায় না। এগুলো Trash ফোল্ডারে ৩০ দিন পর্যন্ত সংরক্ষিত থাকে। এই সময়ের মধ্যে প্রয়োজন হলে সহজেই পুনরুদ্ধার করা যায়। তবে ৩০ দিন পার হলে ই-মেইলগুলো স্থায়ীভাবে মুছে যায়।





















