কালীগঞ্জে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
- প্রকাশের সময় : ০৮:৫৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
- / 14
ঝিনাইদহের কালীগঞ্জে বিনম্র শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, কালীগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও বিশিষ্ট রাজনীতিবিদ হামিদুল ইসলাম হামিদ।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণ-অভ্যুত্থানের তাৎপর্য এবং দেশের জন্য তরুণ ও সাধারণ মানুষের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবু তালিব বলেন, “জুলাই মাসের ঐতিহাসিক ঘটনাগুলো আমাদের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে শিক্ষা দেয়। শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। তাদের স্বপ্নের বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রশাসনের পক্ষ থেকে জনকল্যাণমূলক ও বৈষম্যহীন সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সুধীজন এবং সাধারণ নাগরিক উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।






















