জুলাই গণঅভ্যুত্থান ও ৫ আগস্ট পতন দিবস উপলক্ষে জাবিতে মাসব্যাপী কর্মসূচি
- প্রকাশের সময় : ০৭:৫৬:২৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
- / 15
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান এবং ৫ আগস্ট পতন দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন।
সোমবার (১৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই-২০২৪ গণঅভ্যুত্থান উদযাপন কমিটির সুপারিশের ভিত্তিতে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ, এর চেতনা লালন এবং ৫ আগস্ট পতন দিবস উপলক্ষে ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১৪ জুলাই রাত ৮টায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের সামনে সমাবেশের মাধ্যমে স্মৃতিফলকের উদ্বোধন করা হবে।
১৫ জুলাই ‘কালরাত্রি’ উপলক্ষে রাত ১০টা ৩০ মিনিটে উপাচার্যের বাসভবনে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এরপর রাত ১১টায় প্রামাণ্যচিত্র প্রদর্শন, রাত ১২টায় এক মিনিটের জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি পালন এবং রাত ১২টা ১ মিনিটে উপাচার্যের বাসভবনে মোমবাতি প্রজ্বালন করা হবে।
এ ছাড়া ২০ জুলাই রাত ১২টা ১০ মিনিটে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হবে। একই দিন সন্ধ্যা ৭টায় ‘অদম্য জুলাই-২৪’ চত্বরে শ্রদ্ধা নিবেদন ও মোমবাতি প্রজ্বালনের আয়োজন করা হয়েছে।
অন্যদিকে ৫ আগস্ট সকাল ১০টায় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে ছাত্রীদের হল হয়ে ‘অদম্য জুলাই-২৪’ চত্বর পর্যন্ত সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন এবং বিজয় র্যালি অনুষ্ঠিত হবে।
পরদিন ৬ আগস্ট সকাল ১০টা ৩০ মিনিটে জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে স্মৃতিচারণ, আলোচনা সভা, ‘জুলাই-২০২৪ অভ্যুত্থানের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়’ শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হবে। একই দিন সন্ধ্যা ৭টায় সেলিম আল দীন মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।






















