নওগাঁর মহাদেবপুরে শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
- প্রকাশের সময় : ০৪:৪২:১২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
- / 103
নওগাঁর মহাদেবপুর উপজেলার একটি বাড়ির শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলার সফাপুর ইউনিয়নের পাহাড়পুর গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহতরা হলেন, পাহাড়পুর গ্রামের লোকমান মণ্ডল (৫২) ও তার স্ত্রী দেলোয়ারা বেগম (৪৬)।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার রাতে ছেলে মুক্তার হোসেনসহ তিনজন একসঙ্গে রাতের খাবার খেয়ে নিজ নিজ কক্ষে ঘুমাতে যান। ভোর সাড়ে ৩টার দিকে মুক্তার হোসেন প্রতিবেশীদের খবর দিলে তারা এসে খাটের ওপর স্বামী-স্ত্রীর মরদেহ দেখতে পান।
জানা যায়, লোকমান মণ্ডল দিনমজুর হিসেবে জীবিকা নির্বাহ করতেন। তাদের ছেলে মুক্তার হোসেন পাহাড়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী হিসেবে কর্মরত এবং বাবা-মায়ের সঙ্গে একই বাড়িতে বসবাস করেন।
স্থানীয় কয়েকজনের দাবি, মুক্তার হোসেন মাদকাসক্ত ও অনলাইন জুয়ায় জড়িত। এ কারণে তিনি প্রায়ই বাবা-মায়ের কাছে টাকা চাইতেন। টাকা না পেয়ে খাবারের সঙ্গে কীটনাশক মিশিয়ে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন বলে তাদের সন্দেহ। তবে এ অভিযোগের বিষয়ে পুলিশ এখনো কোনো নিশ্চিত তথ্য জানায়নি।
প্রতিবেশীদের দাবি, প্রায় এক সপ্তাহ আগে একইভাবে খাবারের সঙ্গে কীটনাশক মিশিয়ে স্বামী-স্ত্রীকে হত্যার চেষ্টা করা হয়েছিল। বিষয়টি টের পেয়ে তারা খাবার ফেলে দিলে ওই খাবার খেয়ে বাড়ির কয়েকটি হাঁস মারা যায় বলে স্থানীয়রা জানান।
নিহতদের ছেলে মুক্তার হোসেন জানান, ভোর সাড়ে ৩টার দিকে টয়লেটে যাওয়ার সময় বাবা-মায়ের ঘরের দরজা খোলা দেখতে পান। পরে টর্চের আলো ফেলে দেখেন, তার বাবার একটি পা খাটের বাইরে ঝুলে আছে। তিনি ঘরে প্রবেশ করে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীদের খবর দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. জেলকদ হোসেন জানান, প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে ধারণা করা হচ্ছে, কীটনাশক পান বা খাবারের সঙ্গে কীটনাশক মিশ্রণের কারণে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে বিষক্রিয়াজনিত মৃত্যুর ধারণা করা হলেও তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





















