ঝিনাইদহে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন
- প্রকাশের সময় : ০৯:১২:৪৮ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
- / 12
ঝিনাইদহ শহরের সায়াদাতিয়া সড়কসহ বিভিন্ন পাড়া-মহল্লার জলাবদ্ধতা নিরসন, সরকারি খাল পুনরুদ্ধার, খাল খনন, ড্রেনেজ ব্যবস্থার সংস্কার এবং নতুন ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ জুলাই) বিকেল ৪টায় শহরের পাগলাকানাই মোড়ে ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সায়াদাতিয়া, সিদ্দিকিয়া, বদরউদ্দিন ও গণি মাস্তান সড়ক, উপশহরসহ বিভিন্ন এলাকায় সামান্য বৃষ্টিতেই সড়ক ও বসতবাড়ি পানিতে তলিয়ে যায়। এতে জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
তারা অভিযোগ করেন, প্রতিবছর পৌরকর আদায় করা হলেও কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গড়ে ওঠেনি। বর্ষা মৌসুমে ড্রেন পরিষ্কারের পর কাদা সড়কে ফেলে রাখায় চলাচলে দুর্ভোগ বাড়ছে এবং দুর্ঘটনার ঝুঁকিও সৃষ্টি হচ্ছে। ঝিনাইদহ কেন্দ্রীয় কবরস্থানসহ শহরের বিভিন্ন এলাকাও জলাবদ্ধতায় আক্রান্ত হচ্ছে বলে জানান বক্তারা।
বক্তারা দ্রুত সরকারি খাল পুনরুদ্ধার, খাল খনন, বিদ্যমান ড্রেনেজ ব্যবস্থার সংস্কার এবং নতুন ড্রেন নির্মাণের দাবি জানান। দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহ পৌরসভা ঘেরাওয়ের ঘোষণা দেন তারা।
মানববন্ধনে বক্তব্য দেন ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক আবুল বাসার, সহ-সভাপতি আবদুল ছবুর হোসেন ও আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফখরুদ্দিন মুন্না, প্রচার সম্পাদক আল মিরাজ, সহ-প্রচার সম্পাদক ইনজামুল হক, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আলমগীর হোসেন, সাংবাদিক আসাদ মণ্ডল ও সুরুজ বাঙালী। এ সময় সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ভুক্তভোগীরা উপস্থিত ছিলেন।




















