ডিমের দাম বেড়েছে, মাছের বাজারেও ঊর্ধ্বগতি
- প্রকাশের সময় : ০২:৩৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
- / 7
রাজধানীর কাঁচাবাজারে গত এক সপ্তাহের ব্যবধানে ডিমের দাম ডজনপ্রতি ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। একই সঙ্গে অধিকাংশ মাছের দামও চড়া থাকায় ভোক্তাদের স্বস্তি মিলছে না। তবে গরুর মাংস ও ব্রয়লার মুরগির দাম তুলনামূলক স্থিতিশীল রয়েছে।
শুক্রবার (১০ জুলাই) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ফার্মের ডিম বর্তমানে ডজনপ্রতি ১৩০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল ১১০ থেকে ১২০ টাকা। গরুর মাংস প্রতি কেজি ৭৫০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।
মাছের বাজারে বড় আকারের রুই, চিংড়ি, ট্যাংরা, ভেটকি, পাবদা, শোল, বাইম ও ইলিশের দাম তুলনামূলক বেশি। ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকা এবং এক কেজি ওজনের ইলিশ ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে চাষের তেলাপিয়া, পাঙাশ, মাঝারি রুই ও শিং মাছের দাম কিছুটা সহনীয় রয়েছে।
মুরগির বাজারে ব্রয়লার প্রতি কেজি ১৮০ থেকে ১৯০ টাকা এবং সোনালী মুরগি ৩৩০ টাকায় বিক্রি হচ্ছে।
রায়েরবাজারের মাছ ব্যবসায়ী মনতাজ উদ্দিন বলেন, কয়েক মাস ধরেই মাছের বাজার প্রায় একই অবস্থায় রয়েছে। তার মতে, ইলিশের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে, কারণ বাজারে মাছের তুলনায় ক্রেতার সংখ্যা বেশি।
ধানমন্ডির বাসিন্দা আনিসুর রহমান বলেন, সব ধরনের মাছের দামই বেশি। অন্যদিকে ডিম ব্যবসায়ীরা জানান, গত সপ্তাহের তুলনায় ডিমের দাম ডজনপ্রতি ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। বর্তমানে সাদা ব্রয়লার ডিম ১২০ টাকা এবং ব্রাউন ডিম ১৩০ টাকা ডজনে বিক্রি হচ্ছে।

























