পবিপ্রবির হল টুর্নামেন্টে দুই দিনে দুই শিক্ষার্থী গুরুতর আহত, মাঠ ও অ্যাম্বুলেন্স সংকট নিয়ে প্রশ্ন
- প্রকাশের সময় : ০১:৫৭:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
- / 3
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হল আয়োজিত ফুটবল টুর্নামেন্টে টানা দুই দিনে অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএনএসভিএম) অনুষদের দুই শিক্ষার্থী গুরুতর আহত হওয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠের নিরাপত্তা এবং জরুরি চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। দীর্ঘদিন ধরে মাঠ সংস্কার না হওয়া এবং সচল অ্যাম্বুলেন্সের অভাবের কারণে আহত শিক্ষার্থীদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতেও সমস্যার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।
জানা যায়, গত শনিবার অনুষ্ঠিত খেলায় এএনএসভিএম অনুষদের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সামিউল আলিম মাঠে পড়ে গিয়ে গুরুতর আহত হন। এতে তার হাত ভেঙে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। চিকিৎসকদের মতে, তার অস্ত্রোপচার প্রয়োজন।
পরদিন রোববার একই টুর্নামেন্টে একই অনুষদের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. শহিদুল আলম সৈকত গুরুতর আহত হন। পরে তাকে বরিশালের রাহাত আনোয়ারা হাসপাতালে নেওয়া হলে এক্স-রে পরীক্ষায় তার ডান পায়ের দুটি হাড় ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়।
পরপর দুই দিনের এ ঘটনায় শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এটি বর্তমানে খেলাধুলার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। মাঠের বিভিন্ন স্থানে গর্ত, অসমতল অংশ ও শক্ত মাটির কারণে খেলোয়াড়দের দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে।
শিক্ষার্থীদের আরও অভিযোগ, দুর্ঘটনার পর আহতদের দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স ব্যবহার করা সম্ভব হয়নি, কারণ সেটি দীর্ঘদিন ধরে অচল। ফলে জরুরি মুহূর্তে বিকল্প যানবাহনের ওপর নির্ভর করতে হয়েছে, যা চিকিৎসা পেতে বিলম্বের আশঙ্কা তৈরি করেছে।
এ অবস্থায় শিক্ষার্থীরা দ্রুত খেলার মাঠ সংস্কার, সচল অ্যাম্বুলেন্সের ব্যবস্থা এবং ভবিষ্যতে যেকোনো ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের আগে প্রয়োজনীয় নিরাপত্তা ও চিকিৎসা সহায়তা নিশ্চিত করার দাবি জানান।
বিষয়টি নিয়ে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হলের প্রভোস্ট অধ্যাপক ড. আহসানুর রেজা বলেন, “বিশ্বকাপের আমেজকে ঘিরে শিক্ষার্থীদের আগ্রহের কথা বিবেচনা করে হল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। তবে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটেছে, তা অত্যন্ত দুঃখজনক। আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করছি।”
মাঠ সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, “খেলার মাঠ সংস্কারে বড় অঙ্কের অর্থের প্রয়োজন। এ জন্য হল প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় বাজেট বরাদ্দ আনার উদ্যোগ নেওয়া হবে।”
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান বলেন, আহত শিক্ষার্থীদের চিকিৎসা ব্যয়ের জন্য ছাত্রকল্যাণ তহবিল থাকলেও পূর্ববর্তী অর্থবছর শেষ হয়ে যাওয়ায় এবং নতুন অর্থবছরের বরাদ্দ এখনো না আসায় আপাতত ওই তহবিল থেকে আর্থিক সহায়তা দেওয়া সম্ভব হচ্ছে না।
অ্যাম্বুলেন্স সংকটের বিষয়ে তিনি বলেন, “আইএফআইসি ব্যাংক বিশ্ববিদ্যালয়কে একটি বাস ও একটি অ্যাম্বুলেন্স দেওয়ার কথা ছিল। তবে পূর্ববর্তী প্রশাসনের সঙ্গে চুক্তির শর্ত পূরণ না হওয়ায় বাস পাওয়া গেলেও অ্যাম্বুলেন্সটি পাওয়া যায়নি।”
খেলার মাঠ সংস্কার প্রসঙ্গে উপাচার্য বলেন, “মাঠ সংস্কারের জন্য বড় ধরনের বাজেটের প্রয়োজন। পর্যাপ্ত বরাদ্দ ছাড়া এ কাজ বাস্তবায়ন সম্ভব নয়।”























