৬৮ বছর পর বিরল রেকর্ড : বিশ্বকাপে একদিনে চার ড্র
- প্রকাশের সময় : ১১:৫৬:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
- / 24
যুক্তরাষ্ট্রে চলমান বিশ্বকাপে একদিনে অনুষ্ঠিত চারটি ম্যাচই ড্র হয়েছে। বিশ্বকাপের ইতিহাসে এমন ঘটনা খুবই বিরল। এর আগে সর্বশেষ ১৯৫৮ সালের বিশ্বকাপে একই দিনে চারটি ম্যাচ ড্র হয়েছিল। ৬৮ বছর পর আবারও বিশ্বকাপে একদিনে চারটি ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হলো।
স্পেন ০-০ কেপ ভার্দে
ইউরোপের বর্তমান চ্যাম্পিয়ন স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়ে চমক দেখিয়েছে বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া কেপ ভার্দে। ফিফা র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে থাকা স্পেনের বিপক্ষে এই ফল কেপ ভার্দের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
মিশর ১-১ বেলজিয়াম
বেলজিয়ামের বিপক্ষে নিজেদের বিশ্বকাপ ইতিহাসের প্রথম জয়ের খুব কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করেছে মিশর। বদলি হিসেবে মাঠে নামা রোমেলু লুকাকুর চাপে সৃষ্ট আত্মঘাতী গোল থেকে সমতায় ফেরে বেলজিয়াম।
সৌদি আরব ১-১ উরুগুয়ে
সৌদি আরবের বিপক্ষে পিছিয়ে পড়া উরুগুয়ে ম্যাচের ৮০তম মিনিটে ম্যাক্সিমিলিয়ানো আরাউহোর গোলে ১-১ সমতা ফিরিয়ে হার এড়ায়। এই ড্রয়ের ফলে ‘এইচ’ গ্রুপের চার দলেরই পয়েন্ট এখন সমান ১।
ইরান ২-২ নিউজিল্যান্ড
লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে ইরান ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। ম্যাচে দুবার পিছিয়ে পড়েও লড়াই করে সমতায় ফেরে ইরান। ফলে দুই দলই একটি করে পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে।
চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ১৬টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ৮টিই ড্র হয়েছে, যা টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতার তীব্রতার ইঙ্গিত দিচ্ছে। ৬৮ বছর পর একদিনে চারটি ম্যাচ ড্র হওয়ার এই ঘটনা বিশ্বকাপের ইতিহাসে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।























