ব্যাংক হিসাব খুলতে টিআইএন সনদ বাধ্যতামূলক করার প্রস্তাব
- প্রকাশের সময় : ০৬:৩৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
- / 10
ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন) সনদ বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে এ প্রস্তাব উত্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ প্রস্তাবের কথা জানান।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, শিক্ষার্থী হিসাব (স্টুডেন্ট অ্যাকাউন্ট), নো-ফ্রিলস অ্যাকাউন্ট এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে টিআইএন গ্রহণের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি পাওয়া ব্যক্তি ছাড়া, ব্যাংক হিসাব খুলতে ইচ্ছুক প্রত্যেক ব্যক্তিকে টিআইএন সনদ দাখিল করতে হবে।
প্রস্তাবটি কার্যকর হলে নির্ধারিত ব্যতিক্রম ছাড়া নতুন ব্যাংক হিসাব খোলার জন্য টিআইএন সনদ জমা দেওয়া বাধ্যতামূলক হবে। ফলে ব্যাংকিং খাতে গ্রাহক শনাক্তকরণ প্রক্রিয়া আরও সুসংহত হবে বলে মনে করছে সরকার।
বাজেটে বলা হয়েছে, এ উদ্যোগের মাধ্যমে করদাতার সংখ্যা বাড়ানো, আর্থিক লেনদেনে স্বচ্ছতা নিশ্চিত করা এবং কর প্রশাসনকে আরও কার্যকর ও তথ্যভিত্তিক করার সুযোগ সৃষ্টি হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, ব্যাংক হিসাব খোলার সঙ্গে টিআইএন সনদের বাধ্যবাধকতা যুক্ত হলে করজালের পরিধি সম্প্রসারিত হবে এবং আনুষ্ঠানিক অর্থনৈতিক কর্মকাণ্ডের আওতায় আরও বেশি মানুষকে নিয়ে আসা সম্ভব হবে।





















