জবি সাংবাদিক সমিতির নির্বাচন কমিশনার হলেন এনসিপি নেতা, ক্যাম্পাস জুড়ে সমালোচনা
- প্রকাশের সময় : ১১:৫৪:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
- / 109
জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জবিসাস) ২০২৫-২৬ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের নির্বাচন কমিশনার হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সদস্য এহসানুল মাহবুব জোবায়েরকে দায়িত্ব দেওয়াকে কেন্দ্র করে ক্যাম্পাসে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এহসানুল মাহবুব জোবায়ের বর্তমানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগের পর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মহলে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
একাধিক শিক্ষার্থী ও সাংবাদিকের দাবি, জোবায়ের অতীতে ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তাদের অভিযোগ, তিনি দীর্ঘদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন এবং পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেন। তবে এ বিষয়ে স্বাধীনভাবে কোনো আনুষ্ঠানিক তথ্য যাচাই করা সম্ভব হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্যাম্পাস সাংবাদিক বলেন, “জোবায়েরের রাজনৈতিক পরিচয় ও অতীত সংশ্লিষ্টতা নিয়ে ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে আলোচনা রয়েছে। বর্তমানে তিনি একটি রাজনৈতিক দলের কেন্দ্রীয় পর্যায়ের নেতা। তাই সাংবাদিক সমিতির নির্বাচন কমিশনার হিসেবে তাঁর নিয়োগ নিয়ে প্রশ্ন উঠছে।”
আরেক সাংবাদিক বলেন, “সাংবাদিক সংগঠনের নির্বাচন পরিচালনায় রাজনৈতিকভাবে সক্রিয় কোনো ব্যক্তিকে দায়িত্ব দেওয়া কতটা যৌক্তিক, তা নিয়ে সদস্যদের মধ্যে আলোচনা হচ্ছে। সাংবাদিক সংগঠনের কার্যক্রম রাজনৈতিক প্রভাবমুক্ত থাকা প্রয়োজন।”
এদিকে কিছু মহল থেকে অভিযোগ করা হয়েছে যে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে তিনি এ দায়িত্ব পেয়েছেন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, এহসানুল মাহবুব জোবায়ের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এর আগে তিনি ফেনীর আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসা থেকে দাখিল ও আলিম পাস করেন।
তার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
প্রধান নির্বাচন কমিশনার ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক বলেন, ভিসি স্যারের নির্দেশে এ কমিটি করা হয়েছে।
একটি অরাজনৈতিক সংগঠনে রাজনৈতিক নেতাকে কিভাবে নির্বাচন কমিশনার করা হয়েছে এ বিষয়ে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেন, জোবায়ের এনসিপি নেতা হলেও তিনি সাংবাদিক সমিতির সাবেক সভাপতি তাছাড়া সাংবাদিক সমিতির দুই গ্রুপের সমঝোতার ভিত্তিতে তাকে নির্বাচন কমিশনার করা হয়েছে।
কোন দুই গ্রুপের সমঝোতায়র ভিত্তিতে নির্বাচন কমিশনার বানানো হয়েছে এটা জানতে চাইলে তিনি প্রশ্ন এড়িয়ে জান।
এদিকে নির্বাচন কমিশনার হিসেবে তাঁর নিয়োগকে ঘিরে যে আলোচনা ও বিতর্ক সৃষ্টি হয়েছে, তা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে।

























