বিড়ির দাম বাড়ছে না, বাজেটে করহারও অপরিবর্তিত
- প্রকাশের সময় : ০৫:৫৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
- / 13
আগামী অর্থবছরের জাতীয় বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত রাখা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফলে নতুন অর্থবছরেও বিড়ির দাম বাড়ছে না।
মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদে বাজেট অধিবেশনের তৃতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে মহিলা আসন-৩-এর সংসদ সদস্য রাশেদা বেগম হীরার এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান অর্থমন্ত্রী।
সংসদ সদস্য রাশেদা বেগম হীরা জানতে চান, তামাকজাত পণ্যের ওপর কর বৃদ্ধি, বিশেষ করে বিড়ির খুচরা মূল্যের ওপর বিদ্যমান ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) ও ১ শতাংশ স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ বহাল রেখে অতিরিক্ত সম্পূরক শুল্ক আরোপের কোনো পরিকল্পনা রয়েছে কি না।
জবাবে অর্থমন্ত্রী বলেন, আগামী অর্থবছরের বাজেটে বিড়ি খাতে মূল্য ও করহার আগের অর্থবছরের মতোই অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, এ সিদ্ধান্তের ফলে নতুন অর্থবছরে বিড়ির দামে কোনো পরিবর্তন আসবে না।
এর মাধ্যমে সরকার বিড়ি খাতে বিদ্যমান কর কাঠামো বহাল রাখার অবস্থান স্পষ্ট করেছে।
























