ডেঙ্গু মোকাবিলায় বালিয়াকান্দিতে সচেতনতামূলক র্যালি ও পরিচ্ছন্নতা কর্মসূচি
- প্রকাশের সময় : ০৭:২৪:২৩ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
- / 19
ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে রাজবাড়ীর বালিয়াকান্দিতে সচেতনতামূলক র্যালি ও পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।
র্যালিতে অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন বার্তা সম্বলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন বহন করেন।
পরে পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন স্থানে জমে থাকা আবর্জনা অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসে কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. সজল কুমার সোম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মানোবেন্দ্র মজুমদার, কল্লল কুমার বসুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় সুধীজন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত ও সামাজিক সচেতনতার কোনো বিকল্প নেই। বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব কিংবা আশপাশে কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ডেঙ্গুমুক্ত পরিবেশ গড়ে তোলা সম্ভব বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।























