এনসিপি নেতাদের ওপর হামলা করে উল্টো মামলা দেওয়া হয়েছে: হাসনাত আব্দুল্লাহ
- প্রকাশের সময় : ০৯:২৬:৩১ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
- / 27
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে তাদের বিরুদ্ধেই মামলা দেওয়া হয়েছে, যা আওয়ামী লীগের সময়কার ঘটনাগুলোর পুনরাবৃত্তি।
সোমবার (২৫ মে) বিকেল সাড়ে ৫টায় ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, “আমি ছোট একটি বার্তা স্পষ্ট করতে এখানে এসেছি। এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা করে তাদের নামে মামলা দেওয়া হয়েছে, সেইম আওয়ামী লীগের মতো। আওয়ামী লীগের সময়ে আমরা দেখেছি আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ বিএনপি, যুবদল ও ছাত্রদলের ওপর হামলা করে তাদের নামেই মামলা দিত এবং সাদা পোশাকে তুলে নিয়ে যেত। ঠিক একইভাবে এনসিপি নেতা তারেক রেজা, অয়ন ও আশিককে তুলে নেওয়া হয়েছে।”
তিনি অভিযোগ করেন, আটক এনসিপি নেতা আশিকের আইনজীবীদের আদালত এলাকায় প্রবেশে বাধা দেওয়া হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের পর বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠার আশা করা হলেও বর্তমানে সেটি ক্ষুণ্ন হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “পুলিশ কোনো দলের হওয়ার কথা না। পুলিশ বিএনপিরও হবে না, জামায়াতেরও হবে না, এনসিপিরও হবে না। পুলিশ হবে বাংলাদেশের জনগণের।”
তিনি আরও বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দলীয়করণ চলছে। বিশ্ববিদ্যালয়ে দলীয় বিবেচনায় উপাচার্য নিয়োগ, ব্যাংক খাতে দলীয়করণ এবং দুর্নীতির অভিযোগও তোলেন তিনি।
এ সময় তিনি অভিযোগ করে বলেন, এনসিপির নেতাকর্মীদের বাড়ি থেকে তুলে নেওয়া হচ্ছে এবং যুবশক্তির নেতা আশিককে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সাইফ মুস্তাফিজ, শাহরিন ইরা, আহনাফ সাঈফ খান, লুৎফর রহমান, জাতীয় যুব শক্তির সভাপতি জাহিদ হসান ও প্রচার সম্পাদক জুবায়ের হোসেনসহ কেন্দ্রীয় নেতারা।
উল্লেখ্য, গত ২২ মে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, যুগ্ম সদস্য সচিব তারেক রেজাসহ ঝিনাইদহ জেলা এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ ওঠে। পরদিন এ ঘটনায় মামলা দায়ের করা হয়। পরে ডিবি পুলিশ যুবশক্তির অয়ন রহমান খান ও আশিককে আটক করে বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়।




















