নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যে শালীনতা খুঁজে পাই না: পানিসম্পদমন্ত্রী
- প্রকাশের সময় : ০৭:০০:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
- / 14
নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যে শালীনতা ও শৃঙ্খলা খুঁজে পান না বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
তিনি বলেন, রাজনীতির মধ্যেও শালীনতা ও শৃঙ্খলা থাকা জরুরি। অশালীন বক্তব্য ও আচরণ রাজনৈতিক সংস্কৃতির জন্য গ্রহণযোগ্য নয়।
শনিবার (২৩ মে) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে নোঙর ট্রাস্ট আয়োজিত “জনসম্পৃক্ত নদী ব্যবস্থাপনা” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পানিসম্পদমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শুরু থেকেই দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। কিন্তু বিরোধী দলের পক্ষ থেকে অনেক সময় অসহযোগিতা ও নেতিবাচক মন্তব্য করা হয়, যা জাতি প্রত্যাশা করে না।
তিনি আরও বলেন, “আমরা দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতি করেছি। ত্যাগ, শ্রম ও সংগ্রামের মধ্য দিয়ে আজকের অবস্থানে এসেছি।”
নাসীরুদ্দীন পাটওয়ারী প্রসঙ্গে তিনি বলেন, “তার বক্তব্যে আমরা শালীনতা ও রাজনৈতিক শৃঙ্খলা খুঁজে পাই না। তিনি এমন ভাষা ব্যবহার করেন, যা রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে মানানসই নয়।”
তিনি আরও অভিযোগ করেন, ঝিনাইদহে একটি কর্মসূচিতে অংশ নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী যে বক্তব্য দিয়েছেন এবং যাদের সঙ্গে গেছেন, তা রাজনৈতিক শালীনতার পরিপন্থি।






















