ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, ইট-পাটকেল ও ডিম নিক্ষেপ
- প্রকাশের সময় : ০৬:০৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
- / 51
ঝিনাইদহ জেলা শহরে ন্যাশনাল ডেমোক্রেটিক পিপলস পার্টি (এনসিপি)-এর মূখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী-এর ওপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (২২ মে) জুমার নামাজ শেষে শহরের পুরাতন কালেক্টরেট মসজিদ থেকে বের হওয়ার পর এ হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা তার ওপর ইট-পাটকেল ও ডিম নিক্ষেপ করে বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহম্মেদ-এর সঙ্গে কথা বলছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় কয়েকজন যুবক লাঠিসোঁটা, লোহার রড ও হকিস্টিক নিয়ে এনসিপি নেতাকর্মীদের ওপর আকস্মিক হামলা চালায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষ দিগ্বিদিক ছুটতে শুরু করেন।
হামলার পর নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলের জেলা নেতারা তাৎক্ষণিকভাবে ঝিনাইদহ সদর থানায় আশ্রয় নেন। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে দলীয় সূত্র জানিয়েছে।
ঘটনার পর প্রতিক্রিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আইনমন্ত্রীর নির্দেশেই আমাদের ওপর এই সশস্ত্র হামলা চালানো হয়েছে। আমরা আল্লাহর ইচ্ছায় একদিন এই অন্যায়ের বিচার করব।”
এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা বলেন, “আমরা মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার পরপরই এই হামলার ঘটনা ঘটেছে। এখন আমরা আল্লাহর ঘরেও নিরাপদ নই। তাহলে এই দেশ কার কাছে নিরাপদ?”
তবে এ ঘটনায় ছাত্রদলের সংশ্লিষ্টতা অস্বীকার করেছেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল। তিনি বলেন, “এই হামলার ঘটনার সঙ্গে ছাত্রদলের কোনো নেতাকর্মী বা সংগঠনের কোনো সম্পর্ক নেই।”
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানা পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো দায়িত্বশীল কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং থমথমে পরিস্থিতি বিরাজ করছে।






















