নেইমারকে নেওয়ার কারণ, বিশ্বকাপে পজিশন ও একাদশে থাকা নিয়ে যা বললেন কোচ
- প্রকাশের সময় : ১১:২১:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
- / 30
অবশেষে প্রথমবারের মতো কোচ কার্লো আনচেলত্তির কাছ থেকে বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপের জন্য ঘোষিত ব্রাজিল জাতীয় ফুটবল দল–এর ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াডে জায়গা হয়েছে এই তারকা ফরোয়ার্ডের।
স্কোয়াড ঘোষণার পর আনচেলত্তি জানান, পুরো বছরজুড়ে নেইমারের পারফরম্যান্স ও শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হয়েছে। সাম্প্রতিক সময়ে তার ধারাবাহিক খেলা ও ফিটনেসের উন্নতি বিবেচনায় নিয়েই দলে রাখা হয়েছে তাকে।
কোচ বলেন, নেইমার একজন অভিজ্ঞ ফুটবলার এবং দলের অন্যদের মতোই তার দায়িত্ব থাকবে।
তবে দলে থাকলেও শুরুর একাদশে নেইমারের জায়গা নিশ্চিত নয় বলেও জানান আনচেলত্তি। তার ভাষ্য, বিশ্বকাপে খেলা, বেঞ্চে থাকা কিংবা সুযোগ না পাওয়ার সম্ভাবনাও থাকে। অনুশীলনে প্রস্তুতি ও ফিটনেসের ওপর ভিত্তি করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
২০২৩ সালে এসিএল ইনজুরিতে পড়ার পর দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন নেইমার। এরপর ছোটখাটো চোটও ভুগিয়েছে তাকে। তাই শতভাগ ফিটনেস ফিরে পাওয়াকেই এতদিন প্রধান শর্ত হিসেবে দেখছিলেন আনচেলত্তি। যদিও বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে মনে করছেন ব্রাজিল কোচ।
আনচেলত্তি আরও বলেন, তিনি শুধু তারকার ওপর নির্ভর করতে চান না, বরং দলগত পারফরম্যান্সই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার মতে, বিশ্বকাপ জিততে হলে পুরো দলকেই অবদান রাখতে হবে। নেইমারকে শুধুমাত্র রিজার্ভ খেলোয়াড় হিসেবে নেওয়া হয়নি, বরং তিনি দলের মান বাড়াবেন বলেই বিশ্বাস কোচের।
নিজের চতুর্থ এবং সম্ভবত শেষ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন নেইমার। ব্রাজিলের হয়ে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ৭৯ গোলের রেকর্ডও রয়েছে তার নামের পাশে।





















