১৫৬ রানের লিড, সিলেট টেস্টের পূর্ণ নিয়ন্ত্রণে বাংলাদেশ
- প্রকাশের সময় : ০৭:০৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
- / 5
দ্বিতীয় দিনটাও দারুণ কেটেছে বাংলাদেশের। সিলেট টেস্টে ১৫৬ রানের বড় লিড নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে টাইগাররা, এখনও হাতে আছে ৭ উইকেট। দুই ওপেনার এবারও ব্যর্থ হলেও দলের হাল ধরে রেখেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ফলে ম্যাচের পূর্ণ নিয়ন্ত্রণ এখন বাংলাদেশের হাতে।
৪৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই তানজিদ হাসান তামিমকে হারায় বাংলাদেশ। অভিষিক্ত এই ওপেনার এবারও দুই অঙ্ক ছুঁতে পারেননি। তবে মাহমুদুল হাসান জয় আক্রমণাত্মক ব্যাটিং করে তুলে নেন অর্ধশতক। মুমিনুল হকের সঙ্গে গড়েন ৭৬ রানের জুটি।
৬৪ বলে ৫২ রান করে বিদায় নেন জয়। তার ইনিংসে ছিল ১০টি চার। এরপর মুমিনুলের সঙ্গে ইনিংস এগিয়ে নেন শান্ত। দিনের খেলা শেষ হওয়ার তিন বল আগে ৬০ বলে ৩০ রান করে খুররম শাহজাদের বলে আউট হন মুমিনুল। এরপর স্টাম্পস ঘোষণা করা হলে ৩ উইকেটে ১১০ রান নিয়ে দিন শেষ করে বাংলাদেশ। শান্ত ৩২ বলে ১৩ রান নিয়ে অপরাজিত আছেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে লিটন দাসের ১৫৯ বলে ১২৬ রানের দুর্দান্ত ইনিংসে ২৭৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। পাকিস্তানের হয়ে খুররম শাহজাদ ৪টি এবং মোহাম্মদ আব্বাস ৩টি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে বাবর আজমের ৬৮ ও সাজিদ খানের ঝড়ো ৩৮ রানে ২৩২ রান তোলে পাকিস্তান। ফলে বাংলাদেশ পায় ৪৬ রানের লিড। টাইগারদের হয়ে নাহিদ রানা ও তাইজুল ইসলাম ৩টি করে উইকেট নেন। এছাড়া তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ শিকার করেন ২টি করে উইকেট।
পাকিস্তান বিনা উইকেটে ২১ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করলেও ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় বাংলাদেশ।



















