২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ জনের মৃত্যু
- প্রকাশের সময় : ০৪:৫৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
- / 14
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩০৩ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। এ নিয়ে চলমান প্রাদুর্ভাবে গত দুই মাসে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫১ জনে।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ছিল ১ হাজার ১৯২ জন। আর গত ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত মোট সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ হাজার ৬১১ জনে।
এ সময়ে নতুন করে ১১১ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৪১৬ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত দুই মাসে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ১৭৬ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছাড়পত্র পেয়েছেন ৩৬ হাজার ৫৫ জন।
এ ছাড়া ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে ৩৭৭ জন এবং নিশ্চিত হাম আক্রান্ত হয়ে ৭৪ জনের মৃত্যু হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।






















