ভাইয়ের বিয়ের কেনাকাটায় বেরিয়েছিলেন ওমান প্রবাসী ৪ ভাই, একসঙ্গে মৃত্যু
- প্রকাশের সময় : ০১:১৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
- / 7
ওমানে গাড়ির ভেতর থেকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চার প্রবাসী ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা দেশে থাকা এক ভাইয়ের বিয়ের কেনাকাটার জন্য বেরিয়েছিলেন বলে জানা গেছে।
নিহতরা হলেন রাঙ্গুনিয়ার লালানগর ইউনিয়নের বান্দারাজার পাড়া এলাকার বাসিন্দা রাসেদুল ইসলাম, শাহেদুল ইসলাম, সিরাজুল ইসলাম ও শহিদুল ইসলাম।
স্থানীয় সূত্র জানায়, চার ভাইয়ের মধ্যে দুইজনের দেশে ফেরার কথা ছিল। দেশে থাকা এক ভাইয়ের বিয়ে উপলক্ষে কেনাকাটার জন্য তারা একসঙ্গে বের হন।
জানা গেছে, মঙ্গলবার (১২ মে) রাতে ওমানের মুলাদ্দা এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার সকাল ৮টার দিকে স্থানীয় লোকজন বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি গাড়ি থেকে চার ভাইয়ের মরদেহ উদ্ধার করে।
লালানগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ইয়াকুব জানান, ওমানে অবস্থানরত একই এলাকার বাসিন্দা বাবুর মাধ্যমে তারা ঘটনাটি জানতে পারেন। কেনাকাটার জন্য বের হওয়ার পর মুলাদ্দা এলাকায় একটি গাড়ির ভেতরে চার ভাইকে অচেতন অবস্থায় পাওয়া যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির ভেতরে এসি চালু রেখে ঘুমানোর সময় গ্যাস লিকেজজনিত বিষক্রিয়ায় তাদের মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
বর্তমানে মরদেহগুলো রুস্তাক থানা হেফাজতে রয়েছে। পরে সেগুলো মাস্কাটে নেওয়া হবে বলে জানা গেছে।






















