চাঁদ দেখা যাওয়ায় আজ আফগানিস্তানে ঈদ উদযাপন

- প্রকাশের সময় : ০১:২৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
- / 191

আফগানিস্তানে বৃহস্পতিবার (১৯ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। তালেবান প্রশাসন বুধবার রাতেই এ ঘোষণা দিয়েছে। আফগান বার্তা সংস্থা খামা প্রেস এ তথ্য নিশ্চিত করেছে।
আফগানিস্তানের সর্বোচ্চ আদালত জানিয়েছে, দক্ষিণাঞ্চলের হেলমান্দ ও পশ্চিমাঞ্চলের ফারাহ ও গোর প্রদেশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। স্থানীয় বাসিন্দাদের সাক্ষ্য যাচাই করে সরকার পরিচালিত চাঁদ দেখা কমিটি এ সিদ্ধান্ত অনুমোদন করেছে।
তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বৃহস্পতিবারকে ঈদের প্রথম দিন ঘোষণা করে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
আফগানিস্তানের এই সিদ্ধান্তে অন্যান্য মুসলিম দেশের সঙ্গে ঈদের তারিখে পার্থক্য তৈরি হয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, কুয়েত, তুরস্ক, অস্ট্রেলিয়া, ইয়েমেন, লেবানন, ফিলিস্তিন ও ইরাকে আগামী শুক্রবার ঈদ উদযাপন হবে।
ঈদের তারিখ দেশে ভেদে ভিন্ন হওয়ার মূল কারণ হলো চাঁদ দেখার পদ্ধতির পার্থক্য। কিছু দেশ সরাসরি খালি চোখে চাঁদ দেখার ওপর নির্ভর করে, আবার কিছু দেশ জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুসরণ করে। আফগানিস্তান সাম্প্রতিক বছরগুলোতে নিজস্ব চাঁদ দেখার প্রক্রিয়া ও ধর্মীয় সিদ্ধান্তের ওপর বেশি নির্ভর করছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
























