এবার কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারে নারী-শিশুসহ দগ্ধ ৪
- প্রকাশের সময় : ১২:০৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
- / 138
কুমিল্লার দাউদকান্দিতে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে নারী-শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন মনোয়ারা (৬০), জিল হক (৩৭), উম্মে হুমায়রা (৩০) ও হুররাম (২)।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে দাউদকান্দি পৌর এলাকার বলদাখাল এলাকার একটি ভবনের নিচতলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে সকাল ৬টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এর জরুরি বিভাগে নেওয়া হয়।
দাউদকান্দি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন এবং তারা ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, মনোয়ারা বেগমের শরীরের ২ শতাংশ, জিল হকের ৫৪ শতাংশ, উম্মে হুমায়রার ৬৫ শতাংশ এবং শিশু হুররামের ৬ শতাংশ দগ্ধ হয়েছে। এর মধ্যে জিল হক ও উম্মে হুমায়রার অবস্থা আশঙ্কাজনক।





















