জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা
- প্রকাশের সময় : ১০:৩৮:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
- / 158
নিজ দেশের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কবার্তা জারি করেছে যুক্তরাজ্য। বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক সহিংসতা ও উগ্রবাদী গোষ্ঠীর সম্ভাব্য হামলার ঝুঁকি বিবেচনায় এই সতর্কতা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ব্রিটিশ ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) এক ভ্রমণ নোটিশে জানায়, তাদের পরামর্শ উপেক্ষা করে বাংলাদেশে ভ্রমণ করলে সংশ্লিষ্ট ব্যক্তির ভ্রমণ বীমা বাতিল হয়ে যেতে পারে। সে ক্ষেত্রে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির দায়ভার ভ্রমণকারীকেই বহন করতে হবে।
এফসিডিও তাদের নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের পাশাপাশি স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়েছে। নোটিশে বলা হয়েছে, অত্যাবশ্যকীয় প্রয়োজন ছাড়া বাংলাদেশের বিভিন্ন এলাকায় ভ্রমণ না করাই শ্রেয়।
বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের তিন জেলা—রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে—জরুরি প্রয়োজন ব্যতীত ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এসব এলাকায়, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে, সহিংসতা ও অপরাধমূলক কর্মকাণ্ডের নিয়মিত খবর পাওয়ার কথা উল্লেখ করেছে সংস্থাটি।
নির্বাচন প্রসঙ্গে নোটিশে বলা হয়, বাংলাদেশে আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং গত ২২ জানুয়ারি থেকে নির্বাচনি প্রচারণা শুরু হয়েছে। নির্বাচনকালীন সময়ে রাজনৈতিক সহিংসতা ও উগ্রবাদী হামলার ঝুঁকি বাড়তে পারে বলে সতর্ক করেছে এফসিডিও। রাজনৈতিক সমাবেশ ও ভোটকেন্দ্রকে লক্ষ্য করে হামলার আশঙ্কার কথাও উল্লেখ করা হয়েছে।





















