কলম্বিয়ায় প্লেন দুর্ঘটনায় আইনপ্রণেতাসহ ১৫ জন নিহত

- প্রকাশের সময় : ১০:২৭:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
- / 190

কলম্বিয়ায় একটি যাত্রীবাহী প্লেন দুর্ঘটনায় দেশটির এক আইনপ্রণেতাসহ মোট ১৫ জন নিহত হয়েছেন।
বুধবার ভেনেজুয়েলা সীমান্তবর্তী একটি পাহাড়ি এলাকায় টুইন-প্রোপেলার বিমানটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে বোগোতা কর্তৃপক্ষ। দুর্ঘটনায় যাত্রী ও ক্রু সদস্যসহ বিমানের সব আরোহী প্রাণ হারান। খবর এএফপির।
কলম্বিয়ার সীমান্ত শহর কুকুটা থেকে উড্ডয়ন করা বিমানটি দুপুরের দিকে ওকানায় অবতরণের কিছুক্ষণ আগে ট্রাফিক নিয়ন্ত্রণের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে পাহাড়ি এলাকায় বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া যায়।
রাষ্ট্রীয় বিমান সংস্থা সাতেনা পরিচালিত ফ্লাইটটিতে ১৩ জন যাত্রী এবং দুজন ক্রু সদস্য ছিলেন। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি এবং এখন পর্যন্ত কেউ জীবিত নেই।
উত্তর সান্তান্দার রাজ্যের গভর্নর উইলিয়াম ভিলামিজার স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, এখন পর্যন্ত সাতটি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক শোকবার্তায় জানান, দুর্ঘটনাকবলিত বিমানে একজন কলম্বিয়ান আইনপ্রণেতা ও একজন সংসদপ্রার্থী ছিলেন। তাদের মৃত্যুতে তিনি গভীর শোক প্রকাশ করেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।
নিহতদের মধ্যে রয়েছেন কলম্বিয়ার চেম্বার অব ডেপুটিজের সদস্য ৩৬ বছর বয়সী প্রতিনিধি ডায়োজেনেস কুইন্টেরো এবং আসন্ন নির্বাচনের প্রার্থী কার্লোস সালসেডো। কুইন্টেরোর দল তাকে তার সমর্থকদের প্রতি নিবেদিতপ্রাণ নেতা হিসেবে বর্ণনা করেছে।























