আলটিমেটাম দিয়ে অবরোধ তুলে নিলেন অটোরিকশাচালকরা
- প্রকাশের সময় : ০১:৪৯:২৬ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
- / 267
ঢাকা মহানগর এলাকায় কুড়িল থেকে বাড্ডা-রামপুরা অভিমুখী সড়কে যান চলাচল পুনরায় শুরু হয়েছে। অটোরিকশাচালকরা আলটিমেটাম দিয়ে অবরোধ তুলে নেন। তারা দাবী করেছেন, চিকন চাকার প্রায় ২ লাখ ৪১ হাজার ব্যাটারিচালিত রিকশা ও ভ্যান চলাচল এবং আকিজ কোম্পানির মোটা চাকার তিন ধরনের অটোরিকশা বিক্রি বন্ধ করতে হবে। আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত দাবি পূরণ না হলে ১ ফেব্রুয়ারি থেকে পুনরায় আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন তারা।
অটোরিকশাচালকরা জানিয়েছেন, পুলিশ প্রশাসন চিকন চাকার ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে কোনো বাধা সৃষ্টি করবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে। সোমবার দুপুর ১২টা ২০ মিনিটে তারা সড়ক ছেড়ে যান।
ঢাকা সিটি করপোরেশন এলাকায় বুয়েট উদ্ভাবিত এবং আকিজ গ্রুপ উৎপাদিত মোটা চাকার ব্যাটারিচালিত অটোরিকশা বিক্রি ও চলাচল বন্ধ এবং চিকন চাকার ব্যাটারিচালিত রিকশা ও ভ্যান চলাচলের দাবিতে তারা মানববন্ধনের ডাক দেন। তবে সকাল পৌনে ১০টার দিকে তারা সড়ক অবরোধ করলে বাড্ডা-রামপুরা সড়কে উভয় পাশের যান চলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজট সৃষ্টি হয়।
পুলিশ জানায়, শ্রমিকরা পূর্বে শুধু মানববন্ধন করার কথা জানিয়েছিলেন, কিন্তু কর্মসূচির সময় তারা মূল সড়ক অবরোধ করেন।
ঢাকা বৃহত্তর সিটি করপোরেশনের ব্যাটারিচালিত রিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদ এই কর্মসূচির আয়োজন করেছে।
সংগঠনটি বলছে, দীর্ঘদিন ধরে চিকন চাকার ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে বিধিনিষেধ আরোপ ও লাইসেন্স-চেকিংয়ের নামে হয়রানি হচ্ছে। এর ফলে শ্রমিকদের জীবিকা নির্বাহে বড় বাধা তৈরি হয়েছে।





















