জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
‘এবারের নির্বাচন কোনো গোঁজামিলের নির্বাচন হবে না’
- প্রকাশের সময় : ১০:৫১:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
- / 181
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এবারের নির্বাচন কোনো গোঁজামিলের নির্বাচন হবে না এবং নির্ধারিত সময় অনুযায়ী ১২ ফেব্রুয়ারিতেই ভোট অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, ভোট ও গণভোট সফলভাবে সম্পন্ন করতেই হবে এবং এ দায়িত্ব সরকার, নির্বাচন কমিশন ও সব রাজনৈতিক দলের।
রোববার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।
বৈঠকে নির্বাচনের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার বিষয় নিয়ে আলোচনা হয়।
প্রধান উপদেষ্টা জানান, ভোটকেন্দ্রগুলো দ্রুত সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে। অধিকাংশ কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য বডি ক্যামেরা ব্যবহারের ব্যবস্থা করা হচ্ছে। সব কার্যক্রম কন্ট্রোল রুম থেকে মনিটরিং করা হবে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, নির্বাচন সংক্রান্ত যেকোনো জরুরি তথ্য, অভিযোগ বা মতামত সরকারকে জানালে তা সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনের নজরে আনা হবে এবং প্রয়োজন হলে সরকারি পর্যায়ে ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া নির্বাচনের সময় উদ্ভূত স্থানীয় বিরোধ নিরসনে সব রাজনৈতিক দলের প্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযোগ গ্রহণের জন্য একটি হটলাইন নম্বরও চালু থাকবে।
বৈঠকে জামায়াতে ইসলামীর নেতারা জানান, তারা আগামী ২২ জানুয়ারি থেকে পূর্ণোদ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করবেন। একই সঙ্গে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে তাদের প্রচারণা চলবে।
গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের প্রচারণা প্রসঙ্গে ড. ইউনূস বলেন, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে নিশ্চিত হওয়া গেছে যে এতে কোনো আইনগত বাধা নেই। তিনি বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকারের দায়িত্বই হলো সংস্কারের পক্ষে অবস্থান নেওয়া।
নির্বাচনে জয়-পরাজয় যাই হোক না কেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন সফল করা এবং দেশের জন্য কাজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা।





















