কালুখালীতে ব্যবসায়ীকে গুলি করে টাকা ছিনতাই
- প্রকাশের সময় : ০১:০৯:০৪ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
- / 242
রাজবাড়ীর কালুখালী উপজেলায় বাজার থেকে বাড়ি ফেরার পথে সাগর শেখ (৩২) নামে এক ব্যবসায়ীকে গুলি করে তার কাছ থেকে বিপুল পরিমাণ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আহত সাগর শেখ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১০টার দিকে কালুখালী উপজেলার তালুকপাড়া গ্রামে নিজ বাড়ির অদূরে এ ঘটনা ঘটে। সাগর শেখ ওই গ্রামের সাহেব আলীর ছেলে এবং মদাপুর বাজারের একজন মুদি ও বিকাশ ব্যবসায়ী।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের বেলা দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিটি তার কপালে লেগে গুরুতর আহত হন তিনি। পরে দুর্বৃত্তরা তার কাছে থাকা বিকাশের নগদ অর্থ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত সাগর শেখকে উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে হামলাকারীদের পরিচয় কিংবা ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি।
সাগর শেখের মা জুলেখা বেগম বলেন,
“আমার ছেলে রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিল। বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে তাকে গুলি করে। তার কাছে থাকা বিকাশের আনুমানিক ৩ থেকে ৪ লাখ টাকা নিয়ে গেছে। তবে টাকা রাখার খালি ব্যাগটি ফেলে যায়। চিৎকার শুনে বাইরে এসে দেখি আমার ছেলেকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে।”
তার স্ত্রী চুমকি খাতুন বলেন,
“আমার স্বামীর সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল না। টাকার জন্যই তাকে গুলি করা হয়েছে। আমরা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
এ বিষয়ে কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশাররফ হোসেন বলেন,
“ঘটনাটি তদন্তাধীন রয়েছে। অপরাধীদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”




















