ইরানে হামলার নির্দেশ দিতে পারেন ট্রাম্প

- প্রকাশের সময় : ১১:২৬:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
- / 184

ইরানজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ ও সহিংসতা তীব্র আকার ধারণ করায় দেশটিকে কড়া সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পরিস্থিতি আরও অবনতি হলে তিনি ইরানের বিরুদ্ধে সামরিক হামলার নির্দেশ দিতে পারেন।
শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরান এখন বড় সমস্যার মুখে। তার ভাষ্য অনুযায়ী, কয়েক সপ্তাহ আগেও যা কল্পনাতীত ছিল, এখন জনগণ সেসব শহরের নিয়ন্ত্রণ নিচ্ছে বলে মনে হচ্ছে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানে যদি গুলি চালানো শুরু হয়, যুক্তরাষ্ট্রও তার জবাব দেবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ইরানের বিভিন্ন শহরে সরকারবিরোধী বিক্ষোভের চিত্র দেখা গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কর্তৃপক্ষ দেশজুড়ে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। ট্রাম্প বলেন, তিনি আশা করেন বিক্ষোভকারীরা নিরাপদ থাকবে, তবে বর্তমানে পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক।
মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, প্রায় দুই সপ্তাহ ধরে চলা বিক্ষোভে বহু মানুষ নিহত হয়েছেন।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সংঘর্ষ ও অগ্নিসংযোগের দৃশ্য সম্প্রচার করা হয়েছে। আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, রাতভর সংঘর্ষে কয়েকজন পুলিশ সদস্য নিহত হয়েছেন।
এর আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি চলমান বিক্ষোভকে ‘সন্ত্রাসী তৎপরতা’ আখ্যা দিয়ে জাতীয় ঐক্যের আহ্বান জানান। তিনি অভিযোগ করেন, বিদেশি শক্তি—বিশেষ করে যুক্তরাষ্ট্র—এই বিক্ষোভ উসকে দিচ্ছে। বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়ে খামেনি বলেন, তারা জনসম্পদে হামলা চালাচ্ছে এবং বিদেশিদের ভাড়াটে হিসেবে কাজ করছে।
বিদেশভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, গত ২৮ ডিসেম্বর বিক্ষোভ শুরুর পর থেকে অন্তত ৬২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৪ জন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ৪৮ জন বিক্ষোভকারী।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে সরকারের প্রতি জনগণের প্রকৃত অভিযোগ শোনার কথা বললেও, সরকারের অন্যান্য মহল ইঙ্গিত দিয়েছে যে বিদেশি শক্তির সমর্থন পাওয়া এসব আন্দোলনের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। এদিকে তেহরানের বিভিন্ন এলাকায় সহিংসতার প্রেক্ষিতে পুলিশ নাগরিকদের ঝুঁকিপূর্ণ স্থান এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।
ইরানের কুর্দি ও বালুচ অধ্যুষিত অঞ্চলগুলোতেও উত্তেজনা ছড়িয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর ভাষ্য অনুযায়ী, এসব এলাকায় বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর ঘটনায় একাধিক ব্যক্তি আহত হয়েছেন।
সূত্র: আল জাজিরা

























