ফরিদপুর-৪ আসনের সীমানা আগের অবস্থায় ফিরিয়ে গেজেট প্রকাশের রায় বহাল
- প্রকাশের সময় : ১২:৫৯:২৬ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
- / 189
ফরিদপুর-৪ সংসদীয় আসনের সীমানা আগের অবস্থায় ফিরিয়ে দিয়ে গেজেট প্রকাশের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।
সোমবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
এর ফলে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলা থেকে আলগি ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের নগকান্দা উপজেলার সঙ্গে যুক্ত করে নির্বাচন কমিশনের জারি করা প্রজ্ঞাপন অবৈধ ঘোষণার হাইকোর্টের রায় চূড়ান্তভাবে বহাল থাকল।
এর আগে গত ১১ ডিসেম্বর হাইকোর্ট রায়ে বলেন, ফরিদপুর-৪ সংসদীয় আসনের সীমানা পরিবর্তন করে ওই দুই ইউনিয়নকে অন্য আসনের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত আইনসম্মত নয়। আদালত তখন নির্বাচন কমিশনের প্রকাশিত প্রজ্ঞাপন অবৈধ ঘোষণা করেন।
ওই রায়ের বিরুদ্ধে আপিল করা হলে সোমবার আপিল বিভাগ তা খারিজ করে দেন এবং হাইকোর্টের রায় বহাল রাখেন।
প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ফরিদপুর-৪ আসনের সীমানা পরিবর্তনের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপির মনোনয়নপ্রত্যাশী মো. শহিদুল ইসলাম বাবুল, সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহবুবুর রহমান দুলালসহ পাঁচজন হাইকোর্টে রিট দায়ের করেন। রিটের শুনানি শেষে আদালত সীমানা পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল করেন, যা আপিল বিভাগেও বহাল থাকল।



















