মেক্সিকোতে ৬.৫ মাত্রার ভূমিকম্প, ব্রিফিং ছেড়ে বেরিয়ে গেলেন প্রেসিডেন্ট

- প্রকাশের সময় : ১১:১৭:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
- / 188

মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিসহ দেশটির দক্ষিণ ও মধ্যাঞ্চলে ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
মেক্সিকোর ভূকম্প গবেষণা সংস্থা ন্যাশনাল সিসমোলজিক্যাল সার্ভিস জানায়, স্থানীয় সময় শুক্রবার সকাল ৭টা ৫৮ মিনিটে ভূমিকম্পটি সংঘটিত হয়। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় রাজ্য গুয়েরেরোর সান মার্কোস শহরের কাছে, ভূপৃষ্ঠের প্রায় ৩৫ কিলোমিটার গভীরে। সান মার্কোস শহরটি প্রশান্ত মহাসাগরের উপকূলীয় পর্যটন নগরী আকাপুলকো থেকে প্রায় ৯২ কিলোমিটার দূরে অবস্থিত।
ভূমিকম্পের সময় মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাউম রাজধানীর ন্যাশনাল প্যালেসে এক সংবাদ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন। হঠাৎ সতর্কতামূলক অ্যালার্ম বেজে উঠলে প্রেসিডেন্ট, সাংবাদিক এবং উপস্থিত অন্যান্যরা নিরাপত্তার স্বার্থে তাৎক্ষণিকভাবে হলকক্ষ ত্যাগ করেন। কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হলে ব্রিফিং পুনরায় শুরু হয়।
ব্রিফিংয়ে প্রেসিডেন্ট শিনবাউম জানান, তিনি গুয়েরেরোর গভর্নর এভেলিন সালগাদোর সঙ্গে ফোনে কথা বলেছেন। তিনি বলেন, বেসামরিক প্রতিরক্ষা বাহিনীকে দ্রুত তৎপর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং সৌভাগ্যক্রমে রাজধানী মেক্সিকো সিটি, গুয়েরেরো কিংবা দেশের অন্য কোথাও ভূমিকম্পে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
























