খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন জাইমা রহমান
- প্রকাশের সময় : ১১:১৯:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
- / 166
সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন তার নাতনি জাইমা রহমানসহ পরিবারের সদস্যরা।
শুক্রবার (২ জানুয়ারি) সকালে রাজধানীর জিয়া উদ্যানে অবস্থিত খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানান তারা। সকাল সাড়ে দশটার দিকে জাইমা রহমান পরিবারের প্রায় ২০ জন সদস্যকে সঙ্গে নিয়ে সেখানে পৌঁছান। কবর জিয়ারতের সময় তারা দীর্ঘ সময় মোনাজাতে অংশ নেন।
জিয়ারত শেষে সকাল ১০টা ৪০ মিনিটের দিকে তারা জিয়া উদ্যান ত্যাগ করেন। এ সময় পরিবারের সদস্যদের শান্ত ও স্থির থাকতে দেখা যায়। জাইমা রহমানের সঙ্গে খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমানসহ নিকটাত্মীয়রা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বছরের ৩১ ডিসেম্বর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়াকে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়। দাফনের আগে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউ সংলগ্ন এলাকায় তার জানাজা অনুষ্ঠিত হয়।
























