২০২৫ সালে ৫ লাখ সেনা হারিয়েছে ইউক্রেন : রাশিয়া

- প্রকাশের সময় : ১১:২৪:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
- / 232

২০২৫ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত রুশ বাহিনীর সঙ্গে যুদ্ধে প্রায় পাঁচ লাখ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রিয়ে বেলৌসোভ এক উচ্চপর্যায়ের বৈঠকে এ তথ্য জানান। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আরটির বরাতে জানা গেছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপস্থিতিতে অনুষ্ঠিত ওই বৈঠকে বেলৌসোভ বলেন, এত বড় প্রাণহানির কারণে নিকট ভবিষ্যতে ইউক্রেনের পক্ষে এই ক্ষতি পুষিয়ে বাহিনী পুনর্গঠন করা কঠিন হবে।
তিনি আরও জানান, চলতি বছরে ইউক্রেন এক লাখ তিন হাজারের বেশি সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম হারিয়েছে, যার মধ্যে পাঁচ হাজার পাঁচশ ট্যাংক ও সাঁজোয়া যান রয়েছে। এসব অস্ত্রের বড় একটি অংশ পশ্চিমা দেশগুলোর দেওয়া সহায়তা ছিল বলেও দাবি করেন তিনি।
২০২২ সালে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। যুদ্ধ শুরুর পর ইউক্রেন সরকার ১৮ থেকে ৬০ বছর বয়সী পুরুষদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় এবং সেনাবাহিনীতে যোগদানের বয়সসীমা কমানো হয়। সাম্প্রতিক সময়ে বাধ্যতামূলক সামরিক যোগদানের জেরে বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। তবে রাশিয়ার এই দাবির বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
























