বিবিসির বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের মানহানির মামলা করলেন ট্রাম্প

- প্রকাশের সময় : ১১:০৫:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
- / 206

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের মানহানির মামলা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রে দায়ের করা এই মামলায় তিনি দুটি অভিযোগে প্রতিটির জন্য ৫ বিলিয়ন ডলার করে ক্ষতিপূরণ দাবি করেন।
মামলায় অভিযোগ করা হয়, ২০২১ সালের ৬ জানুয়ারির এক ভাষণের সম্পাদিত ভিডিও প্রচার করে বিবিসি এমন ধারণা দিয়েছে, যেন ট্রাম্প তার সমর্থকদের যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে হামলার নির্দেশ দিয়েছিলেন। ট্রাম্পের দাবি, বিবিসি তার ভাষণের কিছু অংশ জোড়া লাগিয়ে প্রচার করেছে, তবে শান্তিপূর্ণ প্রতিবাদের আহ্বানসংক্রান্ত অংশ বাদ দিয়েছে।
এ বিষয়ে বিবিসি ক্ষমা চেয়েছে এবং স্বীকার করেছে যে সম্পাদনার কারণে বিভ্রান্তি তৈরি হতে পারে। তবে সংস্থাটি জানিয়েছে, মামলার কোনো আইনি ভিত্তি নেই। ব্রিটিশ আইনজীবীদের মতে, রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত হওয়ায় ক্ষতিপূরণ সংক্রান্ত বিষয়টি রাজনৈতিকভাবে জটিল হতে পারে।
২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে বিবিসির ‘প্যানোরামা’ অনুষ্ঠানে ওই ভিডিও ক্লিপ প্রচারিত হয়। বিতর্কের জেরে বিবিসির দুই শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করেন এবং পরে সংস্থাটি জানায়, তারা আর ওই তথ্যচিত্র পুনঃপ্রচার করবে না। ট্রাম্পের আইনজীবীদের দাবি, এ ঘটনায় তার সুনাম ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি।
























