হাদির ঘটনা বিচ্ছিন্ন, আইনশৃঙ্খলার অবনতি হয়নি : সিইসি
- প্রকাশের সময় : ১২:১১:১৭ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
- / 179
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, হাদির ওপর হামলার ঘটনাটি বিচ্ছিন্ন এবং এতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো বড় ধরনের অবনতি হয়নি। তিনি আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে সব ধরনের সংশয় ও দুশ্চিন্তা দূর করার আহ্বান জানিয়ে বলেন, নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত এবং যথাসময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।
সোমবার গুলশানে এক অনুষ্ঠানে সিইসি বলেন, মাঝেমধ্যে বিচ্ছিন্ন কিছু অপরাধমূলক ঘটনা ঘটলেও সেগুলোকে সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যায় না। অতীতেও এ ধরনের ঘটনা ঘটেছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে এমন ঘটনা নতুন নয়।
নির্বাচন নিয়ে আশঙ্কার বিষয়ে সিইসি বলেন, নির্বাচন কমিশনের কোনো দ্বিধা নেই। সবাইকে সঙ্গে নিয়ে একটি সুষ্ঠু, সুন্দর ও প্রতিযোগিতামূলক নির্বাচন উপহার দেওয়ার জন্য কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। তিনি জানান, সম্প্রতি শীর্ষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক হয়েছে এবং তারা নির্বাচনকালীন শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সম্পূর্ণ প্রস্তুত বলে আশ্বস্ত করেছে।
সিইসি আরও বলেন, আগের তুলনায় বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং মানুষ শান্তিতে চলাফেরা করতে পারছে। নির্বাচন সঠিক সময়েই এবং সঠিকভাবে অনুষ্ঠিত হবে বলে তিনি পুনর্ব্যক্ত করেন।























