কলম্বিয়ায় বাস খাদে পড়ে নিহত ১৭

- প্রকাশের সময় : ১১:৪৯:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
- / 212

কলম্বিয়ায় একটি বাস খাদে পড়ে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার উত্তর-পশ্চিম কলম্বিয়ায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে অন্তত ১৬ জন স্কুলশিক্ষার্থী এবং একজন চালক রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
মেডেলিনের কাছের বেলো এলাকার একটি স্কুলের ১৬ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের একটি দল কলম্বিয়ার ক্যারিবিয়ান উপকূলের একটি সৈকত এলাকা থেকে বাসে ভ্রমণ করছিল। ফেরার পথে বাসটি প্রায় ৪০ মিটার গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনায় আরও অন্তত ২০ জন আহত হয়েছেন। বেলোর মেয়রের কার্যালয়ের এক সূত্র জানিয়েছে, হতাহতদের মধ্যে মোট কতজন অপ্রাপ্তবয়স্ক রয়েছে তা নির্ধারণে কাজ চলছে।
অ্যান্টিওকিয়া বিভাগের গভর্নর আন্দ্রেস জুলিয়ান রেন্ডন জানান, দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া একজন বলেন, তিনি ঘুমিয়ে ছিলেন, হঠাৎ চিৎকার শুনে জেগে ওঠেন, এরপর আর কিছুই মনে নেই।
জানা গেছে, শিক্ষার্থীরা তাদের স্নাতক সম্পন্ন হওয়া উপলক্ষে ক্যারিবীয় সৈকত শহর টোলু ও কোভেনাসে বেড়াতে গিয়েছিলেন। দুর্ঘটনার পর উদ্ধারকর্মীরা গিরিখাত থেকে স্ট্রেচারে করে জীবিতদের উদ্ধার করেন।
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, তরুণদের এমন মর্মান্তিক মৃত্যু তাকে গভীরভাবে ব্যথিত করেছে, বিশেষ করে যখন তারা পড়াশোনা বা আনন্দ উপভোগের জন্য বের হয়।
























