স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করল অস্ট্রিয়া

- প্রকাশের সময় : ১১:৪৬:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
- / 221

অস্ট্রিয়ায় ১৪ বছরের কম বয়সী স্কুলছাত্রীদের জন্য হিজাব নিষিদ্ধ করার আইন পাস হয়েছে। বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টে এ আইনটি অনুমোদন দেওয়া হয়। মানবাধিকার সংগঠন ও মুসলিম সম্প্রদায়ের আপত্তি সত্ত্বেও পাস হওয়া এই আইনকে অনেকেই সমাজে বিভাজন বাড়াবে এবং মুসলিমদের আরও প্রান্তিক করবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন।
রক্ষণশীল নেতৃত্বাধীন সরকারের উদ্যোগে পাস হওয়া এই আইনের পক্ষে বক্তব্য দেন ক্ষমতাসীন জোটের লিবারেল নিয়স দলের সংসদীয় নেতা ইয়ানিক শেটি। তিনি বলেন, এটি স্বাধীনতা সীমিত করার জন্য নয়, বরং ১৪ বছরের নিচের মেয়েদের স্বাধীনতা রক্ষার জন্য। তার দাবি—অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে হিজাব শুধু ধর্মীয় পোশাক নয়, এটি মেয়েদের পুরুষের দৃষ্টি থেকে আড়াল করে।
আইনটি আগামী সেপ্টেম্বরের নতুন শিক্ষাবর্ষ থেকে কার্যকর হবে। আইন ভঙ্গ করলে পরিবারগুলোকে বারবার অপরাধের ক্ষেত্রে ৮০০ ইউরো পর্যন্ত জরিমানা করা হতে পারে।
এটি পিপলস পার্টি নেতৃত্বাধীন সরকারের দ্বিতীয় হিজাব–নিষিদ্ধ উদ্যোগ। ২০১৯ সালে ১০ বছরের নিচে হিজাব নিষিদ্ধ করা হলেও পরে সাংবিধানিক আদালত সেটিকে বৈষম্যমূলক বলে বাতিল করে। এবার সরকার বলছে—পূর্বের ভুল সংশোধন করে আইনটি তৈরি করা হয়েছে। তবে নিজ দলের নেতা শেটিও স্বীকার করেছেন—এটি আদালতে টিকবে কিনা নিশ্চিত নন।
ভোটে একমাত্র বিরোধিতা করে গ্রীন পার্টি, যারা আইনটিকে সংবিধানবিরোধী বলে মন্তব্য করেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন সংস্থা জানিয়েছে—এই নিষেধাজ্ঞা মেয়েদের ক্ষমতায়ন করবে না, বরং মুসলিমদের বিরুদ্ধে বিদ্যমান বৈষম্যমূলক পরিবেশকে আরও তীব্র করবে।
মহিলা অধিকার সংগঠন আমাজোনের অ্যাঞ্জেলিকা অ্যাটজিঙ্গার বলেন, আইনটি মেয়েদের কাছে ভুল বার্তা দিচ্ছে—তারা নিজেদের শরীর নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে না।
























