ইথিওপিয়ার আগ্নেয়গিরির ছাই ধেয়ে আসছে ভারতে, বাতিল বহু ফ্লাইট

- প্রকাশের সময় : ০১:০৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
- / 97

ইথিওপিয়ার আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত থেকে তৈরি হওয়া ঘন ছাইয়ের মেঘ ভারতের দিকে ধেয়ে আসছে। এর ফলে সোমবার একাধিক ফ্লাইট বাতিল করেছে ভারতীয় এয়ারলাইন্সগুলো। সম্ভাব্য বিঘ্ন মোকাবিলায় বিমানসংস্থা ও বিমানবন্দরগুলোকে বিশেষ পরামর্শ দেওয়া হয়েছে।
রোববার (২৩ নভেম্বর) প্রায় ১০ থেকে ১২ হাজার বছর পর জেগে উঠে ব্যাপক বিস্ফোরণ ঘটিয়েছে ইথিওপিয়ার হাইলি গুবি আগ্নেয়গিরি। এতে ছাইয়ের মেঘ লাল সাগর পেরিয়ে ইয়েমেন ও ওমানের দিকে ধাবিত হয় এবং পরে উত্তর আরব সাগরের ওপর পর্যন্ত ছড়িয়ে পড়ে।
ঘন ছাইয়ের মেঘ দিল্লি, হরিয়ানা ও লাগোয়া উত্তর প্রদেশের আকাশসীমা অতিক্রম করছে। যদিও বায়ুগুণমান খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে, তবে ছাইয়ের মেঘ হাজার হাজার ফুট উঁচুতে অবস্থান করায় সম্ভাবনা কম।
আকাশা এয়ার, ইন্ডিগো ও কেএলএমসহ কয়েকটি বিমানসংস্থা ছাইজনিত কারণে ফ্লাইট বাতিল করেছে। ভারতের ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) জানিয়েছে, ছাই প্রভাবিত অঞ্চল এড়িয়ে চলা এবং ফ্লাইট পরিকল্পনা, রুটিং ও জ্বালানির হিসাব পরিবর্তনের পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়া, যেসব বিমানে ছাইয়ের উপস্থিতির সন্দেহ থাকে, তা সঙ্গে সঙ্গে রিপোর্ট করতে হবে। বিমানবন্দরে ছাই প্রভাবিত হলে রানওয়ে, ট্যাক্সিওয়ে ও এপ্রন পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। স্যাটেলাইট ইমেজারি ও আবহাওয়াজনিত তথ্য ব্যবহার করে ছাইয়ের মেঘের অবস্থান পর্যবেক্ষণ করার পরামর্শও দেওয়া হয়েছে।
আকাশা এয়ার জানিয়েছে, ২৪ ও ২৫ নভেম্বর জেদ্দা, কুয়েত ও আবুধাবিগামী এবং এসব স্থান থেকে ফেরার সব ফ্লাইট বাতিল করা হয়েছে। কেএলএম রয়্যাল ডাচ এয়ারলাইন্স তাদের আমস্টারডাম-দিল্লি ও দিল্লি-আমস্টারডাম রুটের ফ্লাইট বাতিল করেছে। ইন্ডিগো জানিয়েছে, পশ্চিম ভারতের দিকে ছাইয়ের মেঘ ধাবিত হচ্ছে, তবে যাত্রীদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার।
ইথিওপিয়ার আফার অঞ্চলে অবস্থিত আগ্নেয়গিরিটিতে অগ্ন্যুৎপাতের ফলে পাশের গ্রাম সম্পূর্ণ ধুলায় ঢেকে যায়। স্থানীয়ভাবে মাঝারি মাত্রার কম্পন অনুভূত হয়েছে। আগ্নেয়গিরিটি সক্রিয় এরটা আলে আগ্নেয়গিরির প্রায় ১৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত।
























