ইউক্রেন শান্তি পরিকল্পনায় বড় অগ্রগতি, শিগগির সমাধানের আশা যুক্তরাষ্ট্রের

- প্রকাশের সময় : ১২:৪২:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
- / 75

যুক্তরাষ্ট্র জানিয়েছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে তাদের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা নিয়ে সুইজারল্যান্ডের জেনেভায় ইউক্রেন ও ইউরোপীয় প্রতিনিধিদের সঙ্গে হওয়া আলোচনায় বড় ধরনের অগ্রগতি হয়েছে। তবে খসড়া পরিকল্পনার কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে এখনো মতপার্থক্য রয়েছে।
রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, চার বছর ধরে চলমান যুদ্ধ বন্ধে যে পরিকল্পনা নিয়ে কাজ চলছে, তাতে “অসাধারণ অগ্রগতি” হয়েছে। তিনি জানান, ন্যাটোর ভূমিকা ও ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা সংক্রান্ত কিছু ইস্যুতে কাজ বাকি থাকলেও ট্রাম্পের ২৮ দফা প্রস্তাবের বেশ কিছু জটিল বিষয় সমাধানের দিকে এগিয়েছে আলোচনা।
ইউক্রেনের প্রতিনিধি দলের প্রধান আন্দ্রি ইয়ারমাকও বলেন, আলোচনায় “খুব ভালো অগ্রগতি” হয়েছে এবং তারা ন্যায়সঙ্গত ও টেকসই শান্তির দিকে অগ্রসর হচ্ছেন।
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাকে ধন্যবাদ জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক মাধ্যমে ট্রাম্পকে ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা জানান। সিবিএস নিউজ জানিয়েছে, জেলেনস্কি শিগগিরই ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য যুক্তরাষ্ট্র সফর করতে পারেন।
রুবিও জানান, প্রস্তাবটি এখনও পরিবর্তনশীল ও সংশোধনযোগ্য। চূড়ান্ত খসড়া তৈরি হলে তা রাশিয়ার কাছেও উপস্থাপন করা হবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগেই বলেছেন, যুক্তরাষ্ট্রের পরিকল্পনা চূড়ান্ত শান্তিচুক্তির ভিত্তি হতে পারে, তবে ইউক্রেন আলোচনা থেকে সরে এলে আরও ভূখণ্ড দখলের হুমকিও দিয়েছেন।
























