ভারত-পাকিস্তানকে ৩৫০ শতাংশ শুল্কের হুমকি দিয়েছিলাম : ট্রাম্প

- প্রকাশের সময় : ১১:৪৩:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
- / 109

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য পারমাণবিক যুদ্ধ থামাতে তিনি দুই দেশের সরকারকে ৩৫০ শতাংশ শুল্কের হুমকি দিয়েছিলেন। এই তথ্য তিনি গতকাল ওয়াশিংটন ডিসিতে ইউএস-সৌদি ইনভেস্টমেন্ট ফোরামের সম্মেলনে দেওয়া ভাষণে জানিয়েছেন।
ভাষণে ট্রাম্প বলেন, “তারা উভয়েই পারমাণবিক যুদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। আমি তাদের বললাম, ‘যুদ্ধ চালিয়ে যেতে পারেন; তবে সেক্ষেত্রে প্রত্যেকের ওপর ৩৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।’” তিনি জানান, শুল্কের হুমকি দেওয়ার পরে প্রথম পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ তাকে ফোন করে সংঘাত থামাতে রাজি হয়। কিছুক্ষণ পর ভারতের প্রধানমন্ত্রীও একই বিষয়ে প্রতিক্রিয়া দেন।
ট্রাম্প আরও উল্লেখ করেন, ভারত-পাকিস্তানের মধ্যকার সন্ত্রাসী হামলার পরে দুই দেশের মধ্যে সামরিক প্রতিক্রিয়া এবং সংক্ষিপ্ত সেনা অভিযান ঘটে। ভারতের ‘অপারেশন সিঁদুর’ এবং পাকিস্তানের ‘বুনিয়ান উন মারসুস’ অভিযানের পর প্রথমবার বৈঠক করেন দুই দেশের ডিজিএমও এবং ১২ মে পর্যন্ত যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। বর্তমানে দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর দেশ এখনও যুদ্ধবিরতিতে রয়েছে।
এর আগেও ট্রাম্প দাবি করেছেন যে তিনি ভারতের সঙ্গে পাকিস্তানের সম্ভাব্য পরমাণু সংঘাত থামিয়েছেন। পাকিস্তানের সরকার তার এই দাবি স্বীকার করেছে, তবে ভারত এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি।
























