দুপুরে যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দিয়ে সন্ধ্যায় ফের ইসরায়েলের হামলা

- প্রকাশের সময় : ০৯:৪৪:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
- / 84

যুদ্ধবিরতি পুনরায় কার্যকর রাখার ঘোষণা দিয়েও গাজায় নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার সন্ধ্যায় উত্তর গাজার বেইত লাহিয়ায় চালানো ওই হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন বলে জানিয়েছে আল-শিফা হাসপাতাল কর্তৃপক্ষ।
ইসরায়েল দাবি করেছে, তারা এমন একটি স্থানে হামলা চালিয়েছে যেখানে অস্ত্র মজুত ছিল এবং সেগুলো তাদের সেনাদের জন্য তাৎক্ষণিক হুমকি তৈরি করেছিল।
এর আগে মঙ্গলবার রাতে দক্ষিণ গাজার রাফাহ এলাকায় ইসরায়েলি হামলায় ১০৪ জন নিহত হন, যাদের অধিকাংশই নারী ও শিশু। ওই হামলায় এক ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রতিশোধমূলক জোরালো হামলার নির্দেশ দেন।
ইসরায়েল জানায়, তারা হামাসের সিনিয়র যোদ্ধাদের লক্ষ্য করে ওই হামলা চালিয়েছে। এরপর বুধবার দুপুরে অস্ত্রবিরতি কার্যকর রাখার ঘোষণা দিলেও সন্ধ্যায় ফের হামলা চালায়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সর্বশেষ হামলা সত্ত্বেও অস্ত্রবিরতি “ঝুঁকির মুখে নেই”। অন্যদিকে মধ্যস্থতাকারী দেশ কাতার জানায়, তারা এখনো যুদ্ধবিরতির পরবর্তী ধাপে অগ্রসর হওয়ার বিষয়ে আশাবাদী।
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস গাজার বেসামরিক মানুষের ওপর ইসরায়েলি বিমান হামলার নিন্দা জানিয়েছেন। জাতিসংঘের মানবাধিকার প্রধান ফলকার তুর্ক বলেন, এত বিপুল সংখ্যক হতাহতের খবর “ভয়াবহ” এবং শান্তি যেন “হাতছাড়া না হয়” সে বিষয়ে সব পক্ষকে আহ্বান জানিয়েছেন।
হামাস এক বিবৃতিতে জানায়, রাফাহে ইসরায়েলি সেনা নিহত হওয়ার ঘটনায় তাদের যোদ্ধাদের কোনো সম্পৃক্ততা নেই। তারা অস্ত্রবিরতি মানার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেও সাম্প্রতিক হামলার কারণে এক ইসরায়েলি বন্দির মরদেহ ফেরত দেওয়ার প্রক্রিয়া স্থগিত রাখার ঘোষণা দিয়েছে।
অন্যদিকে, ইসরায়েল রেডক্রসের প্রতিনিধিদের ফিলিস্তিনি বন্দিদের সঙ্গে সাক্ষাতের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। হামাস একে বন্দিদের অধিকার লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে।























