ঘূর্ণিঝড় ‘মোন্থা’ : ভারতের ৩ রাজ্যে সতর্কতা

- প্রকাশের সময় : ১১:০৩:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
- / 99

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোন্থা’ ক্রমেই উপকূলের দিকে ধেয়ে আসছে। ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর (আইএমডি) জানিয়েছে, শেষ ছয় ঘণ্টায় এটি ঘণ্টায় ১৭ কিলোমিটার গতিতে দক্ষিণ-পশ্চিম ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের ওপর দিয়ে স্থলভাগের দিকে অগ্রসর হচ্ছে।
মঙ্গলবার সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া ও কলিঙ্গপত্তনমের মধ্যবর্তী উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি। তখন এর বাতাসের গতি ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার হতে পারে, দমকা হাওয়ার বেগ পৌঁছাতে পারে ১১০ কিলোমিটার পর্যন্ত।
তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় ইতিমধ্যে সতর্কতা জারি করা হয়েছে। উপকূলবর্তী এলাকা থেকে মানুষজনকে সরিয়ে নেওয়া হচ্ছে। তিন রাজ্যেই মঙ্গলবার স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে এবং বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে।
অন্ধ্রপ্রদেশে মঙ্গলবার ও বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আইএমডি। রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কথা বলেছেন এবং পরিস্থিতি মোকাবিলায় কন্ট্রোলরুম খোলা হয়েছে।
তামিলনাড়ুর উপকূলে ঝড়-বৃষ্টি শুরু হয়েছে, রাজধানী চেন্নাইয়ে ভারী বৃষ্টির সতর্কতা জারি আছে। ওড়িশার গজপতি জেলাসহ আট জেলায় উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। সমুদ্র তীরবর্তী অঞ্চল থেকে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।























