ইউরোপজুড়ে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব, দেশে দেশে পোলট্রি খামার লকডাউন

- প্রকাশের সময় : ১২:৫৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
- / 97

ইউরোপজুড়ে নতুন করে বার্ড ফ্লুর প্রাদুর্ভাবে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সংক্রমণ রোধে বেলজিয়ামসহ একাধিক দেশ সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সব ধরনের পোলট্রিকে ঘরে রাখার নির্দেশ দিয়েছে।
বুধবার (২২ অক্টোবর) টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে জানানো হয়, বেলজিয়ামের ফেডারেল ফুড সেফটি এজেন্সি সম্প্রতি এক খামারে বার্ড ফ্লুর সংক্রমণ শনাক্তের পর বৃহস্পতিবার থেকে পোলট্রি খামার লকডাউনের নির্দেশ দেয়।
গত কয়েক বছরে ইউরোপে বার্ড ফ্লুর কারণে শত শত কোটি পাখি মারা গেছে বা নিধন করা হয়েছে। এতে খাদ্য সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের প্রভাব পড়ে এবং খাদ্যের দাম বেড়ে যায়।
ফ্রান্সও একই পদক্ষেপ নিয়েছে। বিশ্ব প্রাণিস্বাস্থ্য সংস্থা (ডব্লিউওএএইচ) জানিয়েছে, বেলজিয়ামের ডিকসমুইড এলাকায় একটি টার্কি খামারে এইচ৫এন১ ধরনের বার্ড ফ্লু শনাক্ত হয়, যেখানে ৩১৯টি টার্কি মারা গেছে এবং আরও ৬৭ হাজারের বেশি পাখি নিধন করা হয়েছে।
এছাড়া স্লোভাকিয়া ও নেদারল্যান্ডসেও নতুন প্রাদুর্ভাব শনাক্ত হয়েছে। নেদারল্যান্ডস সরকার জানিয়েছে, দেশটির মধ্য-পূর্বাঞ্চলে সংক্রমণ শনাক্তের পর প্রায় ১ লাখ ৬১ হাজার মুরগি নিধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত নিয়ন্ত্রণে না আনলে ইউরোপজুড়ে পোলট্রি খাতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।























