ভুল অপারেশনে নববধূর মৃত্যু, অপহরণ মামলায় স্বামী গ্রেফতার
- প্রকাশের সময় : ১০:০৯:২১ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
- / 141
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় একটি ক্লিনিকে অস্ত্রোপচারের পর নববধূ শামসুন নাহার নাদিয়া (১৭) মারা গেছেন। শনিবার কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
নাদিয়া নারায়ণগঞ্জের পাইকপাড়া এলাকার সামসুদ্দিন হোসেনের মেয়ে। দেড় মাস আগে মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে আলমডাঙ্গার মাজু গ্রামের টাইলস শ্রমিক শিহাবের (২২) সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেন তিনি। নাদিয়ার মা নাছরিন বেগম শিহাবের বিরুদ্ধে ঢাকার দারুস সালাম থানায় অপহরণের মামলা করেছিলেন।
শুক্রবার রাতে নাদিয়ার পেটে তীব্র ব্যথা ওঠে। আলমডাঙ্গার নূর মোহাম্মদ ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক অ্যাপেন্ডিসাইটিস শনাক্ত করেন এবং রাত ৮টার দিকে অপারেশন করা হয়। অপারেশনের পর নাদিয়ার অবস্থা খারাপ হলে তাকে দ্রুত কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, সেখানে তার মৃত্যু হয়।
শিহাবের পরিবারের দাবি, চিকিৎসকের ভুলে নাদিয়ার মৃত্যু হয়েছে। ডা. হোসেন ইমাম অপারেশন শেষে কুষ্টিয়ায় চলে যান, পরে রোগীর অবস্থার অবনতি হয়। ক্লিনিক কর্তৃপক্ষ জানিয়েছে, রোগী অপারেশনের সময় স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন।
ময়নাতদন্ত শেষে লাশ নাদিয়ার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপহরণ মামলায় আলমডাঙ্গা থানা পুলিশ শিহাবকে গ্রেফতার করে ঢাকার দারুস সালাম থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।




















